
ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী কেয়া পায়েল ওমরাহ পালন করতে সৌদি আরবের পবিত্র নগরী মক্কায় গেছেন। সেখানে পবিত্র কাবা শরিফের সামনে দাঁড়িয়ে ধারণ করা একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন তিনি।
ভিডিওতে কালো বোরখা পরা অবস্থায় কাবা শরিফের সামনে দেখা যায় এই অভিনেত্রীকে। নিজের অনুভূতি প্রকাশ করে ক্যাপশনে তিনি লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ, আমার জীবনের অন্যতম শ্রেষ্ঠ দিন।’
ওমরাহ পালনের এই বিশেষ মুহূর্ত ভাগ করে নেওয়ার পাশাপাশি পোস্টে নেতিবাচক মন্তব্য না করার আহ্বান জানিয়েছেন কেয়া পায়েল। তিনি বলেন, বাজে মন্তব্যের মাধ্যমে কেউ যেন নিজের নিচু মানসিকতার পরিচয় না দেন। কারণ, মানুষের মন্তব্য তার রুচি, ব্যক্তিত্ব ও মানসিকতার প্রতিফলন ঘটায়।
অন্যকে ছোট করার আগে নিজের মানসিকতার দিকে নজর দেওয়ার পরামর্শও দিয়েছেন অভিনেত্রী। সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর এই বার্তায় অন্যের প্রতি সম্মান প্রদর্শনের বিষয়টি গুরুত্ব পেয়েছে।
মন্তব্য করুন