
আগামী জানুয়ারি মাস থেকে দেশের স্থানীয় সরকার নির্বাচন শুরু হয়ে ৬ জুনের মধ্যে শেষ হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে রংপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে আয়োজিত আইনশৃঙ্খলা সভা শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।
প্রতিমন্ত্রী বলেন, নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী আগামী জানুয়ারি থেকে স্থানীয় সরকার নির্বাচন শুরু হবে। ধাপে ধাপে এ নির্বাচন কার্যক্রম চলবে এবং আগামী ৬ জুনের মধ্যে তা শেষ করার পরিকল্পনা রয়েছে। নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করতে হবে।
তিনি বলেন, জনগণের সরকার স্থানীয় সরকার নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে বদ্ধপরিকর। এ বিষয়ে প্রধানমন্ত্রীর সরাসরি নির্দেশনা রয়েছে। নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রশাসন ও সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে।
মীর শাহে আলম আরও বলেন, কোনোভাবেই নির্বাচনকে বিতর্কিত বা কলঙ্কিত হতে দেওয়া হবে না। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের মাধ্যমে প্রার্থী ও জনগণের কাছে প্রয়োজনীয় নিশ্চয়তাq দেওয়া হবে।
মন্তব্য করুন