
শাড়ি নিয়ে প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে দায়ের করা মামলায় আদালতে হাজির হয়ে জামিন পেয়েছেন অভিনেত্রী তানজিন তিশা।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) ঢাকার আদালতে উপস্থিত হয়ে মামলায় জামিনের আবেদন করেন তিনি। শুনানি শেষে আদালত তার জামিন মঞ্জুর করেন।
মামলার নথি অনুযায়ী, অনলাইন ফ্যাশন পেজ ‘অ্যাপোনিয়া’ থেকে ২৮ হাজার ৮০০ টাকা মূল্যের একটি শাড়ি নিয়েছিলেন তানজিন তিশা। বাদীপক্ষের অভিযোগ, শাড়িটি নিয়ে প্রচারণা করার কথা থাকলেও পরবর্তীতে এর মূল্য পরিশোধ না করে যোগাযোগ বন্ধ করে দেন তিনি। এ ঘটনায় প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে মামলা করা হয়।
মামলার বাদী অনলাইন ফ্যাশন পেজটির সংশ্লিষ্ট ব্যক্তি আমিনুল ইসলাম। তার দাবি, মামলা করার আগে তানজিন তিশাকে আইনি নোটিশ দেওয়া হলেও কোনো সাড়া পাওয়া যায়নি। পরে ২০২৫ সালের নভেম্বরে আদালতে মামলা করা হয়।
আদালতের নির্দেশে মামলাটি তদন্ত করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এরপর তদন্ত প্রতিবেদন আদালতে জমা দেওয়া হলে গত ১২ জুলাই ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানা তা আমলে নিয়ে তানজিন তিশার বিরুদ্ধে সমন জারি করেন এবং ১৩ আগস্ট আদালতে হাজির হওয়ার নির্দেশ দেন।
বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট সলিমুল্লাহ সরকার জানিয়েছেন, তদন্ত প্রতিবেদনে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে।
তবে তানজিন তিশা শুরু থেকেই অভিযোগ অস্বীকার করে আসছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া বক্তব্যে তার দাবি, ওই শাড়িটি তাকে উপহার হিসেবে দেওয়া হয়েছিল।
বৃহস্পতিবার শুনানি শেষে জামিন পাওয়ার মধ্য দিয়ে মামলাটিতে নতুন ধাপ শুরু হলো। পরবর্তী আইনগত কার্যক্রম এখন আদালতের নির্দেশনা অনুযায়ী এগোবে।
মন্তব্য করুন