
নারীদের উচ্চশিক্ষার সুযোগ আরও সম্প্রসারণে বড় উদ্যোগের কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, নারীদের অনার্স পর্যন্ত পড়াশোনার সব খরচ সরকার বহন করবে। পাশাপাশি ভালো ফলাফল করা নারী শিক্ষার্থীদের জন্য উপবৃত্তির ব্যবস্থাও করা হবে।
রোববার (১৬ আগস্ট) দুপুরে কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার মির্জাপুর চেয়ারম্যান বাড়িঘাট এলাকায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে পুরাতন ব্রহ্মপুত্র নদে মাছের পোনা অবমুক্ত ও স্থানীয় জেলেদের মধ্যে পোনা বিতরণ শেষে স্থানীয়দের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে এসব কথা বলেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, দেশের জনসংখ্যার অর্ধেক নারী। নারীদের পিছিয়ে রেখে দেশের উন্নয়ন সম্ভব নয়। তাই নারীদের শিক্ষার সুযোগ বাড়াতে অনার্স পর্যন্ত তাদের শিক্ষা বিনামূল্যে করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর সব ব্যয় সরকার বহন করবে।
তিনি নারী শিক্ষার্থীদের মনোযোগ দিয়ে লেখাপড়া করে দেশের নেতৃত্বে এগিয়ে আসার আহ্বান জানান। একই সঙ্গে ভালো ফলাফল করা মেয়েদের জন্য সরকারি উপবৃত্তির ব্যবস্থা করা হবে বলেও জানান।
প্রধানমন্ত্রী আরও বলেন, গ্রামাঞ্চলের দরিদ্র পরিবারের প্রায় এক কোটি ২০ লাখ শিশুকে প্রতিবছর নতুন বইয়ের পাশাপাশি স্কুল ড্রেস ও স্কুল ব্যাগ দেওয়ার পরিকল্পনা রয়েছে সরকারের।
নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার প্রসঙ্গে তিনি বলেন, পরিবারের নারী প্রধানদের পর্যায়ক্রমে ফ্যামিলি কার্ড দেওয়া হচ্ছে। আগামী পাঁচ বছরে দেশের প্রতিটি ঘরে এ কার্ড পৌঁছে দেওয়ার আশা প্রকাশ করেন তিনি।
মন্তব্য করুন