
সাবেক শিক্ষামন্ত্রী ও আওয়ামী লীগের নেত্রী ডা. দীপু মনির স্বামী ব্যারিস্টার তৌফীক নাওয়াজ মারা গেছেন। মঙ্গলবার (১৮ আগস্ট) রাতে রাজধানীর কন্টিনেন্টাল হাসপাতালে (সাবেক ইউনাইটেড) চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
দীপু মনির বড় ভাই জে আর ওয়াদুদ টিপু জানান, রাত ১০টা ২৭ মিনিটে তৌফীক নাওয়াজের মৃত্যু হয়। দীর্ঘদিন ধরে তিনি অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তার জানাজা ও দাফনের স্থান-সময় বুধবার দুপুরের পর পরিবারের পক্ষ থেকে জানানো হবে।
পেশায় সুপ্রিম কোর্টের আইনজীবী তৌফীক নাওয়াজ আইন পেশার পাশাপাশি ধ্রুপদি সংগীতের চর্চার সঙ্গেও যুক্ত ছিলেন। ২০১৯ সালে তিনি স্ট্রোকে আক্রান্ত হন। দীর্ঘদিন অসুস্থ থাকার কারণে হুইলচেয়ারে চলাফেরা করতেন। চলতি বছরের ২৭ মে স্বজনেরা তাকে হুইলচেয়ারে করে কারাবন্দী স্ত্রী দীপু মনির সঙ্গে দেখা করাতে আদালতে নিয়ে যান।
তৌফীক নাওয়াজের মৃত্যুতে পরিবার, স্বজন, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
মন্তব্য করুন