
নেপালে সিনেমার শুটিং করতে গিয়ে বৈরী আবহাওয়া ও প্রাকৃতিক দুর্যোগের মুখে পড়েছিল ‘শিকার’ সিনেমার টিম। টানা বৃষ্টি, বন্যা ও ভূমিধসে দেশটির বিভিন্ন অঞ্চলে যোগাযোগব্যবস্থা ব্যাহত হলেও শেষ পর্যন্ত শুটিং শেষ করে নিরাপদে বাংলাদেশে ফিরেছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস।
শুক্রবার (২৮ আগস্ট) রাতে ঢাকায় ফেরেন অপু বিশ্বাস। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নেপালের পরিস্থিতি ও শুটিংয়ের অভিজ্ঞতা তুলে ধরেন তিনি।
কামরুজ্জামান রোমানের পরিচালনায় নির্মিত ‘শিকার’ সিনেমার শুটিংয়ে অংশ নিতে বাংলাদেশ ও কলকাতার একাধিক শিল্পী নেপালে যান। পাহাড়ঘেরা মনোরম পরিবেশে সিনেমাটির কাজ চলছিল। তবে হঠাৎ করেই দেশটির বিভিন্ন এলাকায় শুরু হয় ভারী বৃষ্টিপাত। এতে সৃষ্টি হয় বন্যা ও ভূমিধসের পরিস্থিতি।
বন্যার পানিতে বেশ কিছু সড়ক তলিয়ে যাওয়ার পাশাপাশি ভূমিধসের কারণে বিভিন্ন পথে যোগাযোগ বন্ধ হয়ে যায়। এমন পরিস্থিতিতে দ্রুত শুটিং শেষ করে দেশে ফেরার সিদ্ধান্ত নেয় সিনেমাটির টিম।
দেশে ফিরে অপু বিশ্বাস জানান, নেপালে অবস্থানকালে তারা বড় কোনো বিপদের মুখে পড়েননি। তবে পুরো টিমকে নিরাপদে দেশে ফিরিয়ে আনা কিছুটা চ্যালেঞ্জিং ছিল।
অপু বলেন, ‘নেপালে থাকা অবস্থায় আমরা বড় ধরনের কোনো সমস্যায় পড়িনি। শেষ পর্যন্ত নিরাপদে দেশে ফিরতে পেরে শান্তি লাগছে।’
এদিকে একই প্রাকৃতিক দুর্যোগের কারণে এখনো নেপালে আটকে আছেন সংগীতশিল্পী তাসরিফ খান। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা এক ভিডিও বার্তায় তিনি জানান, দেশে ফেরার নির্ধারিত পথ বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত হওয়ায় আপাতত সেখান থেকে বের হওয়ার সুযোগ নেই।
তাসরিফ জানান, তিনি এবং তার সঙ্গে থাকা বন্ধুরা নিরাপদে আছেন। পরিস্থিতি স্বাভাবিক হলে দেশে ফেরার অপেক্ষায় রয়েছেন তারা।
মন্তব্য করুন