
রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে সংবিধানের ৭০ অনুচ্ছেদ সংশোধনের বিষয়টি নিয়ে এখন আলোচনা করা অপ্রাসঙ্গিক বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।
রোববার (১৬ আগস্ট) নির্বাচন কমিশন ভবনে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়নপত্র বৈধ ঘোষণার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘আমাদের প্রচলিত সংবিধান অনুযায়ীই পথ চলতে হবে। সংবিধানে কোনো বাধা থাকলে তা সংসদের মাধ্যমে সংশোধন করতে হবে। রাস্তাঘাটে আলোচনা করে কোনো লাভ নেই।’
সম্প্রতি রাষ্ট্রপতি নির্বাচনের ক্ষেত্রে সংবিধানের ৭০ অনুচ্ছেদকে বাধা হিসেবে উল্লেখ করে তা সংশোধনের প্রস্তাব দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এ বিষয়ে বিএনপির অবস্থান জানতে চাইলে গয়েশ্বর বলেন, বিষয়টি পরের অধ্যায়। সংসদ চাইলে ভবিষ্যতে এ নিয়ে সিদ্ধান্ত নিতে পারে। তবে রাষ্ট্রপতি নির্বাচনের আগে এ প্রশ্ন তোলা বিভ্রান্তি সৃষ্টি করতে পারে।
মির্জা ফখরুলের মনোনয়ন বৈধ হওয়ার বিষয়টি জানিয়ে তিনি বলেন, রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়নপত্রের প্রস্তাবক ছিলেন আবদুল মঈন খান এবং সমর্থন করেছেন তিনি নিজে।
তিনি জানান, মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের প্রার্থী হিসেবে বৈধতা পেয়েছেন। আগামী ২০ আগস্টের ভোটের দিকে এখন তারা অপেক্ষা করছেন।
এ সময় বিএনপির প্রতিনিধিদলে আরও উপস্থিত ছিলেন স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান, জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি এবং সংসদের হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু।
মন্তব্য করুন