
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের ঐতিহ্যবাহী জিনজিরা বাজারের গুরপট্টি সড়ক দীর্ঘদিন ধরে চলাচলের অনুপোযোগী থাকায় চরম ভোগান্তিতে পড়েছিলেন স্থানীয় ব্যবসায়ী ও পথচারীরা। অবশেষে সেই দুর্ভোগের অবসান ঘটেছে।
ব্যবসায়ীদের দীর্ঘদিনের দাবি ও অনুরোধের প্রেক্ষিতে ঢাকা-৩ আসনের মাননীয় সংসদ সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায় এবং সংরক্ষিত নারী আসনের মাননীয় সংসদ সদস্য অ্যাডভোকেট নিপুন রায় চৌধুরীর নির্দেশনায় সড়কটি সিসি ডালাইয়ের মাধ্যমে সংস্কার করা হয়েছে।
এই উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন দক্ষিণ কেরানীগঞ্জ থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক এবং আসন্ন জিনজিরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদপ্রার্থী আবু জাহিদ মামুন। তাঁর উদ্যোগে দ্রুত সময়ের মধ্যে কাজটি সম্পন্ন হওয়ায় স্থানীয়দের মাঝে স্বস্তি ফিরে এসেছে।
এ বিষয়ে স্থানীয় ব্যবসায়ীরা জানান, আগে সামান্য বৃষ্টিতেই সড়কে পানি জমে যাতায়াতে মারাত্মক সমস্যা হতো। এখন সড়কটি সংস্কার হওয়ায় ব্যবসা-বাণিজ্যে গতি ফিরবে এবং সাধারণ মানুষের চলাচল অনেক সহজ হবে।
এলাকাবাসী আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও এ ধরনের উন্নয়ন কার্যক্রম অব্যাহত থাকবে এবং জিনজিরা এলাকার সার্বিক অবকাঠামোগত উন্নয়ন আরও এগিয়ে যাবে।
মন্তব্য করুন