
আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের চলচ্চিত্রের জন্য নতুন গৌরব বয়ে আনলেন ঢালিউড অভিনেত্রী শবনম বুবলী। সম্প্রতি অনুষ্ঠিত ‘নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল’-এ মিশুক মনি পরিচালিত ‘দেয়ালের দেশ’ সিনেমায় অনবদ্য অভিনয়ের জন্য ‘সেরা অভিনেত্রী’ পুরস্কার অর্জন করেছেন তিনি।
এই অর্জনের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে এক আবেগঘন বার্তায় নিজের অনুভূতি প্রকাশ করেন বুবলী। তিনি জানান, এমন আন্তর্জাতিক স্বীকৃতি তাকে গভীরভাবে সম্মানিত ও কৃতজ্ঞ করেছে। একই সঙ্গে তিনি বলেন, এই সাফল্য শুধুমাত্র তার ব্যক্তিগত অর্জন নয়, বরং পুরো টিমের সম্মিলিত প্রচেষ্টার ফল।
বুবলী তার বার্তায় পরিচালক মিশুক মনি, প্রযোজক, লেখক, সহশিল্পীসহ সিনেমার সঙ্গে জড়িত সকল কলাকুশলীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। চিত্রগ্রাহক, মেকআপ আর্টিস্ট, কস্টিউম টিম এবং নেপথ্যের কর্মীদের অবদানও তিনি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।
তিনি আরও বলেন, টিমের সবার আন্তরিকতা, পরিশ্রম এবং বিশ্বাসই এই সাফল্যের মূল শক্তি। এই বিশেষ মুহূর্তে পরিবার, বন্ধু-বান্ধব, শুভাকাঙ্ক্ষী এবং বিশেষ করে দর্শকদের প্রতি আন্তরিক ভালোবাসা ও কৃতজ্ঞতা জানান তিনি।
বুবলীর মতে, দর্শকদের ভালোবাসাই তাকে প্রতিনিয়ত নতুন চরিত্রে নিজেকে ভাঙতে ও আরও ভালো কাজ করতে অনুপ্রাণিত করে। এই আন্তর্জাতিক স্বীকৃতিকে তিনি একদিকে আশীর্বাদ, অন্যদিকে নতুন দায়িত্ব হিসেবে দেখছেন।
আগামীতে আরও বৈচিত্র্যময় গল্প ও শক্তিশালী চরিত্র নিয়ে দর্শকদের সামনে হাজির হওয়ার প্রত্যাশা ব্যক্ত করেছেন এই জনপ্রিয় অভিনেত্রী।
মন্তব্য করুন