
যুক্তরাজ্যে আনুষ্ঠানিকভাবে নিবন্ধিত সামাজিক ও সাংস্কৃতিক প্রতিষ্ঠান ‘আঠারো আনা বাঙালিয়ানা (AAB CIC)’-এর উদ্যোগে মতবিনিময় সভা ও প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইট উদ্বোধন করা হয়েছে। গত ১ নভেম্বর যুক্তরাজ্যের রেডব্রিজ সেন্ট্রাল লাইব্রেরিতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রতিষ্ঠানের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা, বিশ্বব্যাপী বাঙালিয়ানা চর্চার প্রসার এবং ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে প্রবাসী বাঙালিদের মধ্যে যোগাযোগ ও সাংস্কৃতিক সংযোগ জোরদার করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
উল্লেখ্য, চলতি বছরের ১৬ আগস্ট প্রতিষ্ঠানটির গ্র্যান্ড ইনঅগুরেশন (আনুষ্ঠানিক উদ্বোধন) সম্পন্ন হয়। পরবর্তীতে প্রতিষ্ঠানটি যুক্তরাজ্যে নিবন্ধিত কোম্পানি হিসেবে স্বীকৃতি লাভ করে। প্রতিষ্ঠানটির যৌথ স্বত্বাধিকারী লেখক ও গবেষক কেতন শেখ এবং ফারাহ জেহির।
অনুষ্ঠানে যুক্তরাজ্যে সার্বিক সমন্বয়কের দায়িত্ব পালন করেন নাঈমা পারভীন। এ সময় আঠারো আনা বাঙালিয়ানা (AAB CIC)-এর যুক্তরাজ্য শাখার সম্মানিত সদস্যরাও উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল প্রতিষ্ঠানটির অফিসিয়াল ওয়েবসাইটের আনুষ্ঠানিক উদ্বোধন। আয়োজকদের আশা, এই ওয়েবসাইটের মাধ্যমে বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা বাঙালি এবং নতুন প্রজন্মের মধ্যে বাংলা ভাষা, সংস্কৃতি, ইতিহাস ও প্রবাসজীবনের অভিজ্ঞতা বিনিময়ের একটি কার্যকর ডিজিটাল যোগাযোগমাধ্যম গড়ে উঠবে।
প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী ও উপস্থিত নেতৃবৃন্দ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, প্রবাসে বাংলা ভাষা, সাহিত্য, সংস্কৃতি ও ঐতিহ্যকে বিশ্বদরবারে তুলে ধরা এবং প্রবাসী বাঙালিদের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও ঐক্য সুদৃঢ় করতে কাজ করে যাবে আঠারো আনা বাঙালিয়ানা (AAB CIC)।
মন্তব্য করুন