
চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতিতে তালিকাভুক্ত থেকেও বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করছেন পাঁচ শতাধিক সদস্য। এসব সদস্যের আইনজীবী হিসেবে তালিকাভুক্তির সনদ স্থগিত করতে প্রয়োজনীয় আবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছে সমিতি। এ জন্য আগামী ১২ নভেম্বর পর্যন্ত সময়সীমা নির্ধারণ করা হয়েছে।
রোববার (১ নভেম্বর) সমিতির পক্ষ থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিচার বিভাগসহ সরকারি, আধা সরকারি, বেসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, ব্যাংক, বিমা, শিক্ষাপ্রতিষ্ঠান এবং বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানে পূর্ণকালীন বা খণ্ডকালীন চাকরিতে নিয়োজিত আইনজীবীদের সনদ স্থগিতের আবেদন করতে হবে। এর আগে মৌখিকভাবে কিংবা নির্ধারিত ফরম ছাড়া আবেদন করে থাকলেও প্রয়োজনীয় কাগজপত্রসহ পুনরায় আবেদন জমা দিতে হবে।
আবেদনের সঙ্গে বাংলাদেশ বার কাউন্সিলের নির্ধারিত ফরম, নিয়োগপত্র, যোগদানপত্র এবং ব্যাংকে জমা দেওয়া ২ হাজার ১০০ টাকার রসিদ সংযুক্ত করার নির্দেশ দেওয়া হয়েছে।
সমিতি সতর্ক করে জানিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে আবেদন না করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হতে পারে। চাকরির তথ্য গোপন করে আইনজীবী হিসেবে তালিকাভুক্ত থাকা সদস্যদের তালিকা বাংলাদেশ বার কাউন্সিলে পাঠানো হবে। এ ছাড়া বার্ষিক চাঁদা পরিশোধ করলেও চাকরিতে নিয়োজিত সদস্যরা ভবিষ্যতে সমিতির কোনো সুবিধা পাবেন না।
চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ মঈনউদ্দিন জানান, সমিতিতে বর্তমানে প্রায় ৯ হাজার আইনজীবী তালিকাভুক্ত রয়েছেন। এর মধ্যে পাঁচ শতাধিক সদস্য বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি করছেন। তাদের সনদ স্থগিতের বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতেই এ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
মন্তব্য করুন