
ঢাকার কেরানীগঞ্জের আব্দুল্লাহপুর এলাকায় সড়ক ও ফুটপাত দখল করে গড়ে ওঠা দুই শতাধিক অবৈধ দোকান উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন। একই সঙ্গে সরিয়ে দেওয়া হয়েছে অবৈধ অটোরিকশা স্ট্যান্ড। এতে দীর্ঘদিনের যানজট ও পথচারীদের চলাচলের ভোগান্তি নিরসনে স্বস্তি ফিরবে বলে আশা করছেন স্থানীয়রা।
সোমবার (২ নভেম্বর) বিকেল ৫টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জ থানার তেঘরিয়া ইউনিয়নের আব্দুল্লাহপুর এলাকায় এ অভিযান পরিচালিত হয়। কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. উমর ফারুকের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত এ কার্যক্রম পরিচালনা করেন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, আব্দুল্লাহপুর এলাকায় দীর্ঘদিন ধরে সড়ক ও ফুটপাত দখল করে ছোট-বড় বিভিন্ন দোকান গড়ে উঠেছিল। পাশাপাশি সড়কের ওপর অবৈধ অটোরিকশা স্ট্যান্ড থাকায় যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হচ্ছিল। জনসাধারণের চলাচল নির্বিঘ্ন করা এবং যানজট কমানোর লক্ষ্যে এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।
স্থানীয় পথচারীরা জানান, ফুটপাত দখল হয়ে থাকায় দীর্ঘদিন ধরে বাধ্য হয়ে মূল সড়ক দিয়ে চলাচল করতে হতো তাদের। এতে একদিকে যেমন যানজট সৃষ্টি হতো, অন্যদিকে দুর্ঘটনার আশঙ্কাও ছিল। প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে তারা বলেন, শুধু উচ্ছেদ করলেই হবে না, ভবিষ্যতে যেন আবার কেউ ফুটপাত ও সড়ক দখল করতে না পারে, সে জন্য নিয়মিত নজরদারি প্রয়োজন।
অভিযান প্রসঙ্গে ইউএনও মো. উমর ফারুক বলেন, যানজট নিরসন এবং পথচারীদের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতেই এ অভিযান পরিচালনা করা হয়েছে। সাধারণ মানুষের চলাচলের পথে কোনো ধরনের বাধা সৃষ্টি করা হলে তা মেনে নেওয়া হবে না। এ ধরনের কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে সর্বোচ্চ আইনগত ব্যবস্থা নেওয়া হবে। জনস্বার্থে অবৈধ দখলমুক্ত করার অভিযান অব্যাহত থাকবে।
মন্তব্য করুন