
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে নিজ বাসার ফ্ল্যাট থেকে ডালিয়া আক্তার সুমা (৫০) নামে এক যুব মহিলা লীগ নেত্রীর রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৩ অক্টোবর) সকালে বাস্তা ইউনিয়নের রসুলপুর বাজার এলাকায় সোনালী ব্যাংক ভবনের তৃতীয় তলার একটি ফ্ল্যাট থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত ডালিয়া আক্তার সুমা বাস্তা ইউনিয়ন যুব মহিলা লীগের সভাপতি ছিলেন। পাশাপাশি তিনি চর বাঘাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে খণ্ডকালীন শিক্ষকতা করতেন। তিনি রসুলপুর এলাকার বাসিন্দা লিয়াকত শিকদারের মেয়ে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, স্বামীর সঙ্গে বিচ্ছেদের পর দুই মেয়েকে নিয়ে ওই ফ্ল্যাটে বসবাস করতেন সুমা। মেয়েদের বিয়ে হয়ে যাওয়ার পর সম্প্রতি তিনি সেখানে একাই থাকতেন। শুক্রবার সকালে ফ্ল্যাটের ভেতরে তার রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন।
খবর পেয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরে সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতালের মর্গে পাঠানো হয়।
দক্ষিণ কেরানীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আজগর হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। কারা এবং কী কারণে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে, তা উদঘাটনে তদন্ত চলছে। এ সময় সিআইডির ক্রাইম সিন ইউনিটও ঘটনাস্থল পরিদর্শন করছে।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে তদন্ত চালিয়ে যাচ্ছে পুলিশ।
মন্তব্য করুন