
মডেলিংয়ের সফল পথচলার পর এবার অভিনয়েই নিজের স্থায়ী ক্যারিয়ার গড়তে চান তরুণ মডেল-অভিনেতা মুবিনুল হক। ২০১৬ সালে উইন্ডোজ মাল্টিমিডিয়া আয়োজিত ‘সুপার স্টার’ প্রতিযোগিতায় বিজয়ী হওয়ার পর থেকেই দেশের বিনোদন অঙ্গনে নিয়মিত কাজ করে আসছেন তিনি। বিজ্ঞাপন, বিলবোর্ড, ফটোশুট, র্যাম্প, ফ্যাশন শো ও মিউজিক্যাল ফিল্মে কাজের মাধ্যমে ইতোমধ্যে দর্শকদের কাছে পরিচিত মুখ হয়ে উঠেছেন।
মুবিনুল হক জানান, মডেলিং দিয়েই তার মিডিয়ায় যাত্রা শুরু। এরপর একে একে দেশের বিভিন্ন স্বনামধন্য ব্র্যান্ডের ফটোশুট, বিলবোর্ড, ম্যাগাজিন এবং র্যাম্প ফ্যাশন শোতে অংশ নিয়ে নিজেকে আরও সমৃদ্ধ করেছেন। বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) ফ্যাশন শোসহ বিভিন্ন আয়োজনেও কাজ করেছেন তিনি। এছাড়া কণ্ঠশিল্পী সৈয়দ অমির ‘পরদেশী প্রেম’ শিরোনামের মিউজিক্যাল ফিল্মে অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন।
অভিনয় প্রসঙ্গে মুবিনুল হক বলেন, “মডেলিং আমাকে পরিচিতি দিয়েছে। তবে আমি বিশ্বাস করি, অভিনয়ের মাধ্যমেই একজন শিল্পীর প্রকৃত বিকাশ ঘটে। তাই ভবিষ্যতে অভিনয়কেই আমার মূল ক্যারিয়ার হিসেবে গড়ে তুলতে চাই।”
তিনি আরও বলেন, “আমি মানসম্মত কাজের মাধ্যমে দর্শকের ভালোবাসা অর্জন করতে চাই। ভালো গল্প, ভালো চরিত্র ও ভালো নির্মাণের কাজেই নিজেকে যুক্ত রাখতে চাই। সবাই আমার জন্য দোয়া করবেন, যেন ভবিষ্যতে আরও ভালো ভালো কাজ উপহার দিতে পারি।”
নিয়মিত কাজের পাশাপাশি নতুন নতুন চ্যালেঞ্জিং চরিত্রে অভিনয়ের প্রস্তুতি নিচ্ছেন মুবিনুল হক। তার প্রত্যাশা, পরিশ্রম, নিষ্ঠা ও মানসম্মত কাজের মাধ্যমে দেশের বিনোদন অঙ্গনে একজন প্রতিষ্ঠিত অভিনেতা হিসেবে নিজের অবস্থান তৈরি করবেন।
মন্তব্য করুন