
ভিন্নধর্মী প্রচারণার মাধ্যমে বরাবরই আলোচনায় থাকা চিত্রনায়ক রাসেল মিয়া এবার নতুন সিনেমা নিয়ে বড় পর্দায় ফিরছেন। তাঁর সঙ্গে জুটি বেঁধেছেন একসময়ের জনপ্রিয় ও ব্লকবাস্টার নায়িকা পলি। তাঁদের অভিনীত নতুন সিনেমার নাম ‘পাত্রী চাই’।
সিনেমাটির শুটিং সম্প্রতি পুবাইলে ‘পাত্রী চাই’ শিরোনামের গানের দৃশ্য ধারণের মধ্য দিয়ে শুরু হয়েছে। তারারদেশ লিমিটেডের প্রযোজনা ও পরিবেশনায় নির্মিত সিনেমাটি পরিচালনা করছেন রিদম খান শাহীন।
রাসেল মিয়া এর আগে সিনেমার প্রচারণায় ব্যতিক্রমী নানা উদ্যোগ নিয়ে আলোচনায় এসেছেন। কখনও ভ্যানগাড়িতে পোস্টার লাগিয়ে মাইকিং, আবার কখনও পথের মানসিক ভারসাম্যহীন মানুষ ও পথশিশুদের রান্না করে খাওয়ানোর মাধ্যমে দর্শকদের নজর কেড়েছেন তিনি। নতুন সিনেমাটিতেও তাঁর প্রচারণায় থাকছে চমকের প্রত্যাশা।
‘পাত্রী চাই’ সিনেমায় থাকছে তিনটি গান। গানগুলোর কথা ও সুর করেছেন শিমুল মাহমুদ। তিনি একই সঙ্গে সিনেমাটির প্রযোজকের দায়িত্বেও রয়েছেন।
সিনেমাটি নিয়ে আশাবাদ জানিয়ে প্রযোজক শিমুল মাহমুদ বলেন, চলচ্চিত্রের বর্তমান মন্দাভাব কাটিয়ে আবারও সুদিন ফিরিয়ে আনার লক্ষ্যেই তাঁরা কাজ করছেন। এ জন্য ইন্ডাস্ট্রির সবাইকে ঐক্যবদ্ধ হয়ে একে অন্যের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।
রাসেল মিয়া ও পলির এই নতুন জুটি এবং ব্যতিক্রমী গল্পের ‘পাত্রী চাই’ সিনেমাটি দর্শকদের মাঝে কতটা সাড়া ফেলতে পারে, এখন সেটিই দেখার অপেক্ষা।
মন্তব্য করুন