
রাজধানীতে নারীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করতে চালু হয়েছে বিশেষ ‘পিংক বাস’ সেবা। তবে সেবাটি চালুর পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে এটি নিয়ে নানা ধরনের ব্যঙ্গ, ট্রল ও সমালোচনা দেখা যাচ্ছে।
এ নিয়ে এবার সরব হয়েছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা নিলয় আলমগীর। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি পিংক বাস নিয়ে ট্রলকারীদের সমালোচনা করেন।
নিলয় আলমগীর তার স্ট্যাটাসে লেখেন, ‘পিংক বাসকে নিয়ে ফান করবে, ট্রল করবে এটা খুবই স্বাভাবিক। তবে কারা করবে? খুবই নিম্নশ্রেণীর, অশিক্ষিত, নোংরা মন-মানসিকতার ড্রাইভার ও হেল্পাররা। ফেসবুকে যারা এটা নিয়ে মজা নিচ্ছে, ধরে নেন ওরাই সেই নিম্নশ্রেণীর ড্রাইভার-হেল্পার।’
তার এই মন্তব্য প্রকাশের পরই সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় ব্যাপক আলোচনা-সমালোচনা। অনেকেই নারীদের জন্য বিশেষ বাসসেবা চালুর উদ্যোগকে স্বাগত জানিয়ে নিলয়ের বক্তব্যের প্রতি সমর্থন জানিয়েছেন। তাদের মতে, নারীদের নিরাপদ যাতায়াতের মতো একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে উপহাস করা অনাকাঙ্ক্ষিত।
তবে নিলয়ের বক্তব্যের ভাষা নিয়েও সমালোচনা করছেন অনেকে। তাদের অভিযোগ, ড্রাইভার ও হেল্পারদের ‘নিম্নশ্রেণীর’ ও ‘অশিক্ষিত’ হিসেবে উল্লেখ করে তিনি একটি নির্দিষ্ট পেশার মানুষকে অবমাননা করেছেন।
ফলে পিংক বাস নিয়ে শুরু হওয়া বিতর্ক এখন নিলয় আলমগীরের মন্তব্যের শব্দচয়ন নিয়েও নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে দুই পক্ষের মতামত নিয়ে চলছে পাল্টাপাল্টি প্রতিক্রিয়া।
মন্তব্য করুন