
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে অংশ নিতে আগামী ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরকালীন ২৪ সেপ্টেম্বর তিনি সাধারণ অধিবেশনে বাংলাদেশের পক্ষে ভাষণ দেবেন।
প্রধানমন্ত্রীর দপ্তরের সূত্র জানিয়েছে, সরকারপ্রধান হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটিই তারেক রহমানের প্রথম নিউইয়র্ক সফর। একই সঙ্গে প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘের সাধারণ অধিবেশনে বক্তব্য রাখবেন তিনি। এ সফরকে ঘিরে ইতোমধ্যে প্রয়োজনীয় প্রস্তুতি শুরু হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, এবারের অধিবেশন বাংলাদেশের জন্য বিশেষ গুরুত্ব বহন করছে। কারণ, ৮১তম অধিবেশনে সভাপতিত্ব করবেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, যিনি সম্প্রতি জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন।
নিউইয়র্ক সফরে প্রধানমন্ত্রীর বিভিন্ন কর্মসূচি রয়েছে। অধিবেশনে ভাষণ দেওয়ার পাশাপাশি তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেবেন। এছাড়া প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে মতবিনিময় এবং বিভিন্ন দেশের সরকারপ্রধানদের সঙ্গে সাইডলাইনে বৈঠকের সম্ভাবনাও রয়েছে।
জানা গেছে, প্রধানমন্ত্রীর এই সফর হবে সংক্ষিপ্ত। তিনি চার থেকে পাঁচদিন নিউইয়র্কে অবস্থান করবেন এবং আগামী ২৫ বা ২৬ সেপ্টেম্বর দেশে ফেরার কথা রয়েছে। সীমিত আকারে সফরসঙ্গী নেওয়া হবে, যার সংখ্যা ৩৫ জনের বেশি হবে না।
মন্তব্য করুন