
রংপুর সফরে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্তব্য করেছেন, বিএনপিকে ফ্যাসিবাদী দল হিসেবে আখ্যায়িত করা সঠিক নয়; বরং এ ধরনের মন্তব্যকারীদের রাজনৈতিক জ্ঞানের ঘাটতি রয়েছে। একই সঙ্গে তিনি জামায়াতে ইসলামীর আমিরের প্রতি দলের গঠনতন্ত্র পর্যালোচনার আহ্বান জানিয়ে প্রশ্ন তোলেন, দলটি প্রকৃত অর্থে গণতান্ত্রিক কি না।
সোমবার (২৭ জুলাই) রংপুরে পল্লী উন্নয়ন একাডেমির উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
রাষ্ট্রপতি নির্বাচন প্রসঙ্গে মির্জা ফখরুল জানান, সংবিধান অনুযায়ী নির্ধারিত সময়েই নির্বাচন অনুষ্ঠিত হবে এবং প্রার্থী চূড়ান্ত করবে দলের স্থায়ী কমিটি।
স্থানীয় সরকার নির্বাচন নিয়েও তিনি কথা বলেন। তার মতে, চলতি বছরের শেষ দিকে অথবা আগামী বছরের শুরুতে এ নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। প্রার্থীদের যোগ্যতা নির্ধারণের বিষয়টি নির্বাচন কমিশনের ওপর নির্ভর করবে।
এসময় তিনি কৃষি খাতের উন্নয়নে সুদমুক্ত ঋণ ও বিনিয়োগ বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন, যাতে একটি শক্তিশালী বাণিজ্যিক কৃষি অর্থনীতি গড়ে ওঠে।
অনুষ্ঠান শেষে তিনি রংপুর টাউন হল মাঠে আয়োজিত পল্লী উন্নয়ন মেলা পরিদর্শন করেন। পরে জেলা শিল্পকলা একাডেমিতে বিআরডিবির বিভাগীয় কার্যালয়ের উদ্বোধন, উপকারভোগীদের মাঝে গাছের চারা বিতরণ, ক্ষুদ্র উদ্যোক্তাদের ঋণ প্রদান এবং কিশোরীদের প্রণোদনার চেক বিতরণ কর্মসূচিতে অংশ নেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পল্লী উন্নয়ন বিভাগের সচিব মোহাম্মদ শওকত রশীদ চৌধুরী। এছাড়া বিভাগীয় কমিশনার শহিদুল ইসলাম, ডিআইজি আমিনুল ইসলাম, জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল আহসান ও পুলিশ সুপার মোজাম্মেল হকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন