
বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষণার আলোকে বাংলাদেশকে মাদকমুক্ত করার প্রত্যয় ব্যক্ত করেছেন দলের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও ঢাকা-২ আসনের সংসদ সদস্য আমান উল্লাহ আমান। তিনি বলেছেন, কেরানীগঞ্জে কোনো মাদক কারবারি, চাঁদাবাজ বা ভূমিদস্যুর স্থান হবে না এবং এদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
শুক্রবার (১৭ জুলাই) বিকেলে কেরানীগঞ্জ মডেল উপজেলার বাস্তা ইউনিয়নের কাজিরগাঁও–কুমলি সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আমান উল্লাহ আমান বলেন, মাদক বিক্রি ও সেবন বন্ধে সমাজের সকল স্তরের মানুষকে একযোগে কাজ করতে হবে। তিনি কেরানীগঞ্জকে একটি আধুনিক, শান্তিপূর্ণ ও বসবাসযোগ্য জনপদ হিসেবে গড়ে তোলার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
তিনি অভিযোগ করেন, গত ১৭ বছরে কেরানীগঞ্জের সড়ক অবকাঠামোতে তেমন উন্নয়ন হয়নি। তবে বর্তমানে বিভিন্ন এলাকায় উন্নয়ন কাজ শুরু হয়েছে এবং পর্যায়ক্রমে আরও প্রকল্প বাস্তবায়ন করা হবে বলে জানান তিনি।
শিক্ষাখাতের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, যেসব শিশু এখনো বিদ্যালয়ে যাচ্ছে না, তাদের স্কুলমুখী করতে অভিভাবকসহ সমাজের সবাইকে এগিয়ে আসতে হবে। জনগণের সেবাই বিএনপির মূল লক্ষ্য উল্লেখ করে তিনি বলেন, “১৯৯১ সাল থেকে আমরা উন্নয়ন করে আসছি, আমরা যা বলি তা বাস্তবায়ন করি।”
পরে বিকেল সাড়ে ৩টায় কলাতিয়া ইউনিয়নের বেলনা সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং বেলনা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান উচ্চ বিদ্যালয়ের নতুন ভবনের উদ্বোধন করেন তিনি।
কেরানীগঞ্জে জুলুম-অত্যাচার বা ভূমিদস্যুতা বরদাশত করা হবে না উল্লেখ করে আমান বলেন, এই এলাকাকে একটি শান্তির জনপদে রূপান্তর করাই তার লক্ষ্য।
তিনি আরও জানান, ১৯৯১ সাল থেকে পাঁচবার কেরানীগঞ্জের জনগণ তাকে সংসদ সদস্য নির্বাচিত করেছেন। একসময় যেখানে অধিকাংশ বাড়িতে বিদ্যুৎ সংযোগ ছিল না, বর্তমানে সেখানে বিদ্যুৎ সুবিধা ব্যাপকভাবে সম্প্রসারিত হয়েছে।্
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মো. ইসমাইল, বিএনপি নেতা ও বাস্তা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. শামসুল হক, মো. ফিরোজ, মো. আলমগীর খান, আবুলসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
মন্তব্য করুন