
ব্যাটারিচালিত অটোরিকশার ভয়াবহ দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন অভিনেত্রী এলিনা শাম্মী। এ ঘটনায় তার কপাল ও মাথার সামনের অংশে গভীর ক্ষত সৃষ্টি হয়ে প্রচুর রক্তক্ষরণ হয়। পরে হাসপাতালে নেওয়ার পর ক্ষতস্থানে ১৫টি সেলাই দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) নিজের ফেসবুক অ্যাকাউন্টে ব্যান্ডেজ করা অবস্থায় দুটি ছবি প্রকাশ করে দুর্ঘটনার বিস্তারিত জানান এই অভিনেত্রী।
এলিনা শাম্মী জানান, বুধবার সন্ধ্যায় পরদিন নির্মাতা সাজ্জাদ সুমনের ‘খুশবু’ ধারাবাহিক নাটকের শুটিং থাকায় প্রয়োজনীয় কেনাকাটা করতে তিনি অটোরিকশায় করে বের হন। শুরু থেকেই চালকের বেপরোয়া গতি তাকে আতঙ্কিত করে তুলেছিল। তিনি একাধিকবার চালককে ধীরে গাড়ি চালানোর অনুরোধ করলেও তা মানা হয়নি।
একপর্যায়ে দ্রুতগতিতে চলার সময় অটোরিকশার একটি চাকা রাস্তার ওপর থাকা ইট বা পাথরের ওপর উঠে যায়। এতে মুহূর্তেই নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশাটি উল্টে যায়। চালক একদিকে ছিটকে পড়লেও এলিনা শাম্মী রাস্তায় পড়ে গেলে অটোরিকশাটি তার শরীরের ওপর পড়ে যায়।
দুর্ঘটনার সময় গাড়ির একটি তীক্ষ্ণ স্ক্রু তার কপাল চিরে দেয়। এতে প্রচুর রক্তক্ষরণ শুরু হয়। আহত অবস্থায়ও সাহস হারাননি অভিনেত্রী। নিজের হ্যান্ডব্যাগ শক্ত করে ধরে অন্য একটি রিকশায় করে তিনি হাসপাতালে পৌঁছান। সেখানে জরুরি চিকিৎসা শেষে তার ক্ষতস্থানে ১৫টি সেলাই দেওয়া হয়।
দুর্ঘটনার পর ক্ষোভ প্রকাশ করে এলিনা শাম্মী ব্যাটারিচালিত অটোরিকশাকে ‘মৃত্যুফাঁদ’ ও ‘দানব বাহন’ হিসেবে উল্লেখ করেন। একই সঙ্গে এসব যানবাহনের কারণে সাধারণ মানুষের প্রাণহানি ও ক্ষয়ক্ষতির দায়ভার কে নেবে—সেই প্রশ্নও তোলেন তিনি।
তবে ভয়াবহ দুর্ঘটনার পর প্রাণে বেঁচে যাওয়ায় মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন অভিনেত্রী। তার ভাষ্য, আঘাতের তীব্রতা দেখে মনে হয়েছে আরও বড় কোনো বিপদ ঘটতে পারত। আল্লাহ তাকে নতুন জীবন দিয়েছেন বলেও উল্লেখ করেন তিনি।
বর্তমানে চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন এলিনা শাম্মী। দ্রুত সুস্থতার জন্য ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের কাছে দোয়া চেয়েছেন তিনি।
মন্তব্য করুন