
রাজধানীতে উদ্বোধন করা হয়েছে ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’, যা ২০২৪ সালের ঐতিহাসিক আন্দোলনের শহীদদের স্মৃতি সংরক্ষণ এবং সেই সময়ের ঘটনাপ্রবাহ ভবিষ্যৎ প্রজন্মের কাছে তুলে ধরার লক্ষ্যে প্রতিষ্ঠিত হয়েছে।
বুধবার (৫ আগস্ট) সকাল ৯টায় রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত সাবেক সরকারি বাসভবন গণভবনে আনুষ্ঠানিকভাবে জাদুঘরটির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে এ জাদুঘর জনসাধারণের জন্য উন্মুক্ত করার উদ্যোগ নেওয়া হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা, উপদেষ্টা, অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, বীর শহীদ পরিবারের সদস্য, আহত যোদ্ধা, বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি, কূটনীতিকসহ আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।
সরকার জানায়, জাদুঘরে জুলাই গণঅভ্যুত্থানের গুরুত্বপূর্ণ আলোকচিত্র, দলিল, ভিডিওচিত্র, ব্যক্তিগত স্মারক এবং আন্দোলনের বিভিন্ন উপকরণ সংরক্ষণ করা হয়েছে। এসব উপস্থাপনার মাধ্যমে নতুন প্রজন্মকে ২০২৪ সালের গণঅভ্যুত্থানের ইতিহাস জানানো এবং শহীদদের আত্মত্যাগের স্মৃতি ধরে রাখাই এর মূল উদ্দেশ্য।
৫ আগস্ট দিনটি বিশেষ অতিথি ও শহীদ পরিবারের সদস্যদের জন্য সংরক্ষিত রাখা হলেও, আগামী ৬ আগস্ট থেকে জাদুঘরটি সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।
মন্তব্য করুন