
পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের হাঙ্গু জেলার খাজিনা বান্দা পুলিশ চেকপোস্টে সন্ত্রাসীদের বড় ধরনের হামলায় ডিএসপি দিয়ার খানসহ অন্তত ৯ পুলিশ সদস্য নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ২৮ জন।
খাইবার পাখতুনখোয়ার পুলিশ মহাপরিদর্শক (আইজি) জুলফিকার হামিদ এক বিবৃতিতে জানান, বুধবার (২৯ জুলাই) রাতে নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠন তেহরিক-ই-তালিবান পাকিস্তান (টিটিপি)-এর সদস্যরা—যাদের পাকিস্তান সরকার ‘ফিতনা আল-খারিজি’ নামে অভিহিত করে—চেকপোস্টে হামলা চালায়। পুলিশ সদস্যরা পাল্টা জবাব দিলেও সন্ত্রাসীরা অতিরিক্ত বাহিনীকেও অ্যামবুশ করে। এতে একটি সাঁজোয়া যান (এপিসি) ক্ষতিগ্রস্ত হয়।
দীর্ঘ সময় ধরে চলা তীব্র গোলাগুলিতে ডিএসপি দিয়ার খানসহ ৯ পুলিশ সদস্য শহীদ হন এবং ২৮ জন আহত হন। আইজি দাবি করেন, পুলিশের পাল্টা অভিযানে ১৫ জন সন্ত্রাসী নিহত এবং আরও কয়েকজন আহত হয়েছে। এলাকায় ক্লিনআপ অভিযান চলছে।
এদিকে, বুধবার গভীর রাতে পেশোয়ারের মাত্তানি থানার আওতাধীন আদেজাই এলাকার আরেকটি পুলিশ চেকপোস্টেও সন্ত্রাসীরা গুলি চালায়। পুলিশ পাল্টা জবাব দিলে হামলাকারীরা পালিয়ে যায়। এ ঘটনায় কোনো পুলিশ সদস্য হতাহত হননি।
হাঙ্গুর হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি। তিনি নিহত পুলিশ সদস্যদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বলেন, তাঁরা দেশের নিরাপত্তা রক্ষায় জীবন উৎসর্গ করেছেন।
খাইবার পাখতুনখোয়া ও বেলুচিস্তানে সাম্প্রতিক মাসগুলোতে সন্ত্রাসী হামলার সংখ্যা বেড়েছে। পাকিস্তান সরকার আফগানিস্তানভিত্তিক সন্ত্রাসী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার জন্য কাবুলের তালিবান সরকারের প্রতি বারবার আহ্বান জানিয়ে আসছে।
মন্তব্য করুন