
মুন্সীগঞ্জ কারাগারে বন্দি সাবেক শিক্ষামন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মনির প্যারোলে মুক্তির পরই তার স্বামী ব্যারিস্টার তৌফিক নেওয়াজের জানাজা ও দাফনের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
বুধবার (১৯ আগস্ট) সকালে দীপু মনির আইনজীবী গাজী ফয়সাল ইসলাম এ তথ্য জানান। তিনি বলেন, প্যারোলে মুক্তির জন্য আবেদন করা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করতে দীপু মনির আইনজীবী ও স্বজনরা বর্তমানে মুন্সীগঞ্জে অবস্থান করছেন।
এর আগে মঙ্গলবার (১৮ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে রাজধানীর কন্টিনেন্টাল হাসপাতালে (সাবেক ইউনাইটেড) চিকিৎসাধীন অবস্থায় মারা যান ব্যারিস্টার তৌফিক নেওয়াজ। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন দীপু মনির বড় ভাই জে আর ওয়াদুদ টিপু। তিনি জানান, রাত ১০টা ২৭ মিনিটে তৌফিক নেওয়াজ শেষ নিশ্বাস ত্যাগ করেন।
জানা গেছে, ২০১৯ সালে স্ট্রোকে আক্রান্ত হওয়ার পর থেকে তৌফিক নেওয়াজ শারীরিকভাবে অসুস্থ ছিলেন। চলতি বছরের ২৭ মে স্বজনরা তাকে হুইলচেয়ারে করে আদালতে নিয়ে যান, সেখান থেকে কারাগারে থাকা স্ত্রী দীপু মনির সঙ্গে দেখা করানো হয়।
তৌফিক নেওয়াজ পেশায় সুপ্রিম কোর্টের আইনজীবী ছিলেন। তার জানাজা ও দাফনের স্থান ও সময় বুধবার দুপুরের পর নির্ধারণ করা হবে বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা।
মন্তব্য করুন