
দেশের ছোট ও বড়পর্দার জনপ্রিয় অভিনেত্রী রিনা রহমান আর নেই। সোমবার (৩ আগস্ট) রাত ৯টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
অভিনেতা ও পরিচালক অনুভব মাহবুব সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টের মাধ্যমে তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেন। এ খবর ছড়িয়ে পড়ার পরপরই শোবিজ অঙ্গনে নেমে আসে শোকের ছায়া।
জানা যায়, দীর্ঘদিন ধরে বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন রিনা রহমান। অসুস্থতার মধ্যেও তিনি অভিনয়ে সক্রিয় থাকার চেষ্টা চালিয়ে যান। তবে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় সম্প্রতি নিয়মিত শুটিং করতে পারছিলেন না।
মৃত্যুর আগে তিনি জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘পরম্পরা’-তে অভিনয় করছিলেন। অসুস্থতার কারণে কিছুদিন ধরে নাটকটির শুটিংয়ে অনিয়মিত ছিলেন।
দীর্ঘ অভিনয়জীবনে টেলিভিশন নাটক, চলচ্চিত্র ও মঞ্চে অসংখ্য স্মরণীয় চরিত্রে অভিনয় করে দর্শকের হৃদয়ে জায়গা করে নেন এই গুণী শিল্পী। তাঁর উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে ‘সংশপ্তক’ (১৯৮৭), ‘ঠিকানা’ (১৯৯৪), ‘ঘানি’ (২০০৬) এবং জনপ্রিয় ধারাবাহিক ‘মান অভিমান’।
রিনা রহমানের মৃত্যুতে সহকর্মী, নির্মাতা ও ভক্তরা গভীর শোক প্রকাশ করেছেন। তাঁর বিদায়ে দেশের অভিনয় জগত হারাল এক নিবেদিতপ্রাণ ও প্রতিভাবান শিল্পী।
মন্তব্য করুন