
বিএনপি নেতৃত্বাধীন সরকার ক্ষমতায় আসার ছয় মাসে বিভিন্ন ক্ষেত্রে ব্যর্থ হয়েছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।
সোমবার (২৪ আগস্ট) সরকারের ১৮০ দিনের কার্যক্রম ও ব্যর্থতার চিত্র তুলে ধরে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন। সংবাদ সম্মেলনটি আয়োজন করে এনসিপির পলিসি ও রিসার্চ বিষয়ক উপ-কমিটি।
নাহিদ ইসলাম বলেন, জ্বালানি সংকট, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, আইনশৃঙ্খলার অবনতিসহ মোট ২৯টি ক্ষেত্রে সরকার অব্যবস্থাপনা ও ব্যর্থতার পরিচয় দিয়েছে। জনগণকে দেওয়া প্রতিশ্রুতিগুলোর কোনোটিই সরকার যথাযথভাবে বাস্তবায়ন করতে পারেনি বলেও দাবি করেন তিনি।
তিনি আরও অভিযোগ করেন, জুলাই জাদুঘর থেকে ফেলানিসহ গুরুত্বপূর্ণ কিছু স্মৃতিচিহ্ন সরিয়ে ফেলা হয়েছে। দীর্ঘদিন ধরে র্যাব বিলুপ্তির দাবি থাকলেও সরকার সংস্থাটিকে নতুন নামে পুনর্গঠনের উদ্যোগ নিয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
সাবেক আইজিপি বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনতে না পারাকে সরকারের দুর্বল পররাষ্ট্রনীতির বহিঃপ্রকাশ হিসেবে উল্লেখ করেন নাহিদ।
সরকারের ছয় মাস পূর্ণ হওয়াকে মূল্যায়নের জন্য যথেষ্ট সময় না হলেও তাদের ব্যর্থতা ও অপরিকল্পনার জন্য জনগণের কাছে দুঃখ প্রকাশ করা উচিত ছিল বলে মন্তব্য করেন তিনি। সরকার পুরোনো রাজনৈতিক ধারায় ফিরে যাওয়ার চেষ্টা করছে দাবি করে নাহিদ সতর্ক করেন, এই অবস্থান থেকে সরে না এলে সরকারকে ব্যাপক গণআন্দোলনের মুখে পড়তে হতে পারে।
এনসিপির আহ্বায়ক আরও বলেন, সরকার সার্বিকভাবে আইনের শাসন প্রতিষ্ঠায় ব্যর্থ হয়েছে। একই সঙ্গে ৫ আগস্ট দিল্লিতে শেখ হাসিনার সংবাদ সম্মেলনের পেছনে ভারত সরকারের সহযোগিতা ছিল বলেও দাবি করেন তিনি।
গ্যাস সংকটের কারণে শিল্পকারখানার উৎপাদন কমেছে উল্লেখ করে নাহিদ বলেন, বিদ্যুতের দাম বাড়ানো হবে না বলা হলেও তিন মাসের মধ্যেই সরকার বিদ্যুতের দাম বাড়িয়েছে। সংকট তৈরি হলেই আগের সরকারের ওপর দায় চাপানোর প্রবণতারও সমালোচনা করেন তিনি।
মন্তব্য করুন