
দক্ষিণ কেরানীগঞ্জে সরকারি খাল খনন প্রকল্পে স্বচ্ছতা ও দক্ষতার অনন্য নজির স্থাপন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উমর ফারুক। নির্ধারিত বাজেটের অর্ধেক অর্থ ব্যয় করেই কাজ সম্পন্ন করে অবশিষ্ট অর্থ রাষ্ট্রীয় কোষাগারে ফেরত দিয়েছেন তিনি, যা স্থানীয়দের মধ্যে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস সূত্রে জানা যায়, বর্ষা মৌসুমে জলাবদ্ধতা নিরসনের লক্ষ্যে বিশেষ খাল খনন প্রকল্পের আওতায় দক্ষিণ কেরানীগঞ্জের শুভাঢ্যা দিঘির পাড় খাল এবং রুহিতপুর ইউনিয়নের খাড়াকান্দি খালের নাব্যতা ফিরিয়ে আনার কাজ হাতে নেওয়া হয়। প্রকল্পটির সার্বিক তদারকিতে ছিলেন ইউএনও উমর ফারুক।
প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে তিনি স্বচ্ছ প্রক্রিয়ায় টেন্ডার আহ্বান, সরাসরি কাজের মনিটরিং এবং অনিয়ম রোধে কঠোর অবস্থান গ্রহণ করেন। ফলে নির্ধারিত মান বজায় রেখেই কাজ সম্পন্ন হয়, একইসঙ্গে উল্লেখযোগ্য পরিমাণ অর্থ সাশ্রয় সম্ভব হয়।
প্রকল্প শেষে আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন করে সাশ্রয় হওয়া ১ কোটি ৬৬ লাখ ৪৬ হাজার ৬৯৭ টাকা পে-অর্ডারের মাধ্যমে রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া হয়েছে।
স্থানীয় বাসিন্দারা বলছেন, অতীতে অনেক প্রকল্পে বাজেট বৃদ্ধি বা অতিরিক্ত ব্যয়ের নজির থাকলেও কাজ শেষে অর্থ ফেরত দেওয়ার ঘটনা বিরল। এই উদ্যোগ প্রশাসনিক স্বচ্ছতা ও জবাবদিহিতার এক উজ্জ্বল উদাহরণ হয়ে থাকবে।
এ বিষয়ে ইউএনও উমর ফারুক বলেন, “সরকারি অর্থ জনগণের আমানত। সঠিক পরিকল্পনা, স্বচ্ছতা এবং নিয়মিত তদারকি নিশ্চিত করতে পারলে নির্ধারিত বাজেটের মধ্যেই মানসম্মত কাজ সম্পন্ন করা সম্ভব। আমরা সেই লক্ষ্য নিয়েই কাজ করেছি।”
মন্তব্য করুন