
১৯৯১ সালে বিএনপি সরকারের যোগাযোগমন্ত্রী থাকাকালে দলীয় এমপিদের জন্য কাজ করার নির্দেশ পেয়েছিলেন বলে দাবি করেছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি কর্নেল (অব.) অলি আহমদ।
সম্প্রতি গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের মন্ত্রীত্বের সময়কার অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, দায়িত্ব পালনের ক্ষেত্রে তিনি দলীয় পরিচয়কে প্রাধান্য দেননি। বরং সংসদের সব সদস্যের জন্য সমানভাবে কাজ করেছেন।
অলি আহমদ বলেন, তাকে শুধু বিএনপির এমপিদের জন্য কাজ করতে বলা হয়েছিল। তবে তিনি এতে সম্মতি না দিয়ে প্রয়োজনে মন্ত্রীত্ব ছেড়ে দেওয়ার কথাও জানিয়েছিলেন। তার ভাষ্য, তিনি শপথ নিয়েছিলেন বাংলাদেশের মন্ত্রী হিসেবে, কোনো নির্দিষ্ট দলের মন্ত্রী হিসেবে নয়।
তিনি বলেন, দায়িত্ব পালনে কোনো ধরনের বৈষম্য করা তার পক্ষে সম্ভব ছিল না। প্রয়োজনে পদ ছেড়ে দিলেও তিনি ‘বেইমানি’ বা ‘মোনাফেকি’ করতে রাজি নন।
সাক্ষাৎকারে মুক্তিযুদ্ধের স্মৃতিচারণও করেন কর্নেল (অব.) অলি আহমদ। তিনি দাবি করেন, ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের শুরুতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে সঙ্গে নিয়ে তিনি বিদ্রোহে অংশ নেন এবং তাকে কালুরঘাট বেতার কেন্দ্রে নিয়ে যান। সেখান থেকেই জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দেন বলে উল্লেখ করেন তিনি।
এ সময় নিজের বয়স ও ভূমিকার কথা তুলে ধরে অলি আহমদ বলেন, তখন তিনি ছিলেন একজন তরুণ ক্যাপ্টেন। এছাড়া জিয়াউর রহমানের সময় গঠিত ১৯টি ক্রুতে তিনি সম্মুখযোদ্ধা হিসেবে দায়িত্ব পালন করেছেন বলেও সাক্ষাৎকারে দাবি করেন।
মন্তব্য করুন