
বিয়ের আনুষ্ঠানিকতা শুরুর আগেই খাবারের আয়োজন নিয়ে আপত্তি তুলে বিয়ে না করেই কনের বাড়ি থেকে চলে গেলেন জাপানপ্রবাসী এক যুবক। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ঘটেছে এ ঘটনা।
সোমবার (১৭ আগস্ট) বিকেলে উপজেলার ধরখার ইউনিয়নের তোলাতালা গ্রামে কনের বাড়িতে এ ঘটনা ঘটে। ওই যুবকের নাম জুনায়েদ। তিনি কসবা উপজেলার নিয়ামতপুর গ্রামের আব্দুল জলিলের ছেলে।
স্থানীয়দের ভাষ্য, বরযাত্রীসহ কনের বাড়িতে পৌঁছানোর পর জুনায়েদ ও তার সঙ্গীদের ফুল দিয়ে বরণ করা হয়। তবে বিয়ের আয়োজনের বিভিন্ন বিষয় নিয়ে শুরু থেকেই তার অসন্তোষ ছিল। পরে খাবার পরিবেশনের সময় স্থানীয় ঐতিহ্যবাহী খাবার ‘খদর’ দেওয়া হলে এতে খাসি না থাকায় আপত্তি জানান তিনি।
জুনায়েদের দাবি ছিল, খাসির ব্যবস্থা না করা হলে তিনি খাবেন না এবং বিয়ের আনুষ্ঠানিকতাতেও অংশ নেবেন না। কনের পরিবারের সদস্যরা বিষয়টি সমাধানের চেষ্টা করলেও তিনি সিদ্ধান্ত পরিবর্তন করেননি। একপর্যায়ে বিয়ে সম্পন্ন না করেই কনের বাড়ি থেকে চলে যান তিনি।
কনের বাবা শফিক মিয়া বলেন, খাসির প্রয়োজনের কথা আগে জানানো হলে তিনি অবশ্যই ব্যবস্থা করতেন। বিষয়টি আগে থেকে জানানো হয়নি। পরে পরিস্থিতি সামাল দিতে পরিবারের পক্ষ থেকে চেষ্টা করা হলেও জুনায়েদ রাজি হননি।
স্থানীয় ইউপি সদস্য আশিক মিয়া ঘটনাটিকে দুঃখজনক উল্লেখ করে বলেন, বিয়ের মতো গুরুত্বপূর্ণ একটি অনুষ্ঠানে এমন পরিস্থিতি কারও কাম্য নয়। ঘটনাটি স্থানীয়দের মধ্যেও নানা আলোচনার জন্ম দিয়েছে।
মন্তব্য করুন