
নীতি-নৈতিকতা, পেশাদারিত্ব, কর্মদক্ষতা ও সৃজনশীলতাকে ধারণ করে নতুন প্রত্যয়ে যাত্রা শুরু করেছে ইংরেজি সংবাদপত্র ‘দ্য ডেইলি নিউজ ভিলেজ’।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) থেকে পত্রিকাটির প্রকাশনা কার্যক্রম শুরু হয়েছে। নতুন এই সংবাদমাধ্যমের যাত্রা উপলক্ষে আনন্দ ও প্রত্যয় ব্যক্ত করেছেন দৈনিক স্বদেশ বিচিত্রার সম্পাদক এবং ‘দ্য ডেইলি নিউজ ভিলেজ’-এর প্রকাশক অশোক কুমার ধর।
এক বার্তায় অশোক কুমার ধর বলেন, সংবাদপত্র জগতে দায়িত্বশীল ভূমিকা রাখার লক্ষ্যেই ‘দ্য ডেইলি নিউজ ভিলেজ’-এর এই যাত্রা। সম্মিলিত প্রচেষ্টা, পেশাগত দক্ষতা ও সৃজনশীলতার সমন্বয়ে সংবাদমাধ্যমের অঙ্গনে নিজেদের ক্ষুদ্র কিন্তু কার্যকর অংশীদার হিসেবে প্রতিষ্ঠিত করতে কাজ করবেন তারা।
তিনি বলেন, তাদের প্রকাশনা কার্যক্রম শুধু প্রিন্ট সংবাদপত্রের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। দৈনিক ও সাপ্তাহিক প্রকাশনা, বাংলা ও ইংরেজি সংবাদ, প্রিন্ট সংস্করণ, অনলাইন, মাল্টিমিডিয়া, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইউটিউবসহ আধুনিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন প্ল্যাটফর্মে সংবাদ ও তথ্যসেবা সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।
দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে শুরু করে আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ সংবাদ পাঠকের কাছে তুলে ধরার প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেন, সময়ের সঙ্গে তাল মিলিয়ে প্রযুক্তিনির্ভর ও আধুনিক সংবাদ পরিবেশনের মাধ্যমে পাঠকদের আস্থা অর্জনই তাদের অন্যতম লক্ষ্য।
অশোক কুমার ধর আরও বলেন, সংবাদমাধ্যমের মূল শক্তি হলো পাঠকের আস্থা। সেই আস্থা অক্ষুণ্ন রাখতে নীতি-নৈতিকতা, বস্তুনিষ্ঠতা, দায়িত্বশীলতা ও পেশাদার সাংবাদিকতাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করতে হবে। এ লক্ষ্যেই নতুন যাত্রায় ইংরেজি পত্রিকা ‘দ্য ডেইলি নিউজ ভিলেজ’ সামনে এগিয়ে যাবে।
তিনি পত্রিকাটির প্রকাশনা কার্যক্রমে সাংবাদিক, লেখক, পাঠক, শুভানুধ্যায়ী ও সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন। একই সঙ্গে নতুন এই যাত্রায় সবার জন্য শুভকামনা জানান।
এদিকে, দেশ স্কোপ ২৪-এর প্রধান সম্পাদক ও সম্পাদনা বিভাগের পক্ষ থেকে অশোক কুমার ধরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে। একই সঙ্গে ‘দ্য ডেইলি নিউজ ভিলেজ’-এর সঙ্গে যুক্ত সম্পাদক, সাংবাদিক, লেখক, কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে দেশ স্কোপ ২৪ পরিবার।
নতুন এই সংবাদমাধ্যমের পথচলা দেশের সংবাদজগতে আরও গতিশীলতা সৃষ্টি এবং নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে—এমন প্রত্যাশাও ব্যক্ত করা হয়েছে।
উল্লেখ্য, অশোক কুমার ধর দৈনিক স্বদেশ বিচিত্রার সম্পাদক এবং ‘দ্য ডেইলি নিউজ ভিলেজ’-এর প্রকাশক হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি সাপ্তাহিক কালধারা ও সাপ্তাহিক আজকের জেহাদ-এর সঙ্গেও যুক্ত রয়েছেন।
মন্তব্য করুন