
ঢাকার কেরানীগঞ্জে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার হওয়া এক অজ্ঞাত নবজাতক কন্যাশিশুর সার্বিক দায়িত্ব নিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: উমর ফারুক। শিশুটির চিকিৎসার তদারকি থেকে শুরু করে তার নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে আইনি প্রক্রিয়ার ব্যবস্থা গ্রহণ করেছেন স্থানীয় প্রশাসন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, গতকাল বুধবার ভোরে কেরানীগঞ্জের কালিন্দি এর খাগাইল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে একটি প্লাস্টিকের ব্যাগ ঝোপের মধ্যে পরিত্যক্ত অবস্থায় নবজাতকটিকে দেখতে পান স্থানীয় বাসিন্দা নজরুল ইসলাম। শিশুটির কান্নার শব্দ শুনে এগিয়ে আসেন এবং দ্রুত বিষয়টি স্থানীয় থানা পুলিশ ও উপজেলা প্রশাসনকে অবহিত করেন।
সংবাদ পেয়ে কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উমর ফারুক তাৎক্ষণিকভাবে শিশুটিকে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করার নির্দেশ দেন। হাসপাতালে প্রাথমিক চিকিৎসা ও পরিচর্যার পর শিশুটি বর্তমানে আশঙ্কামুক্ত ও সুস্থ রয়েছে বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসকেরা।
শিশুটির অভিভাবকত্বের বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উমর ফারুক জানান, “উদ্ধার হওয়া শিশুটি সম্পূর্ণ সুস্থ রয়েছে। প্রশাসন তার নামকরণ ও চিকিৎসার সার্বিক ব্যবস্থা গ্রহণ করেছে। শিশু কল্যাণ আইনের নীতিমালা ও প্রচলিত আইনি প্রক্রিয়া অনুসরণ করে শিশুটিকে একটি দায়িত্বশীল ও উপযুক্ত পরিবারের কাছে দত্তক (কাস্টডি) হস্তান্তরের ব্যবস্থা নেওয়া হচ্ছে।”
এদিকে ফুটফুটে শিশুটিকে এক নজর দেখতে হাসপাতালে কৌতূহলী জনতার ভিড় জমে। অনেকেই শিশুটিকে দত্তক নেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন। পরিত্যক্ত নবজাতকের দায়িত্ব নিয়ে প্রশংসনীয় উদ্যোগ গ্রহণ করায় কেরানীগঞ্জের ইউএনও এবং স্থানীয় প্রশাসনের প্রতি সন্তোষ প্রকাশ করেছেন এলাকাবাসী। শিশুটির প্রকৃত বাবা-মাকে খুঁজে বের করতে তদন্ত জোরদার করা হয়েছে।
সার্বিক সহ্যোগিতায় ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মাহবুবুর রহমান ও উপজেলা সমাজসেবা অফিসার শিবলিজ্জামান ও মডেল থানার পুলিশের সদস্যরা।
মন্তব্য করুন