
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সংঘটিত একটি হত্যা মামলায় চিত্রনায়ক মরতুজা পলাশকে গ্রেপ্তারের তথ্য প্রকাশ্যে এসেছে। নেপালে ‘শিকার’ সিনেমার শুটিং শেষে দেশে ফেরার পর গত ২৮ আগস্ট হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বর্তমানে তিনি কারাগারে রয়েছেন।
মামলা সংশ্লিষ্ট সূত্র জানায়, গ্রেপ্তারের পর পলাশকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। রিমান্ড শেষে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়। তবে এ বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
জানা গেছে, অপু বিশ্বাস অভিনীত ‘শিকার’ সিনেমার শুটিংয়ে অংশ নিতে পলাশ নেপালে ছিলেন। ২৫ দিনের বেশি শুটিং শেষে আকস্মিক বন্যার কারণে ২৮ আগস্ট সিনেমাটির ইউনিট দেশে ফেরে। ওই দিনই বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পলাশ কারাগারে থাকায় ‘শিকার’ সিনেমার বাকি কাজও অনিশ্চয়তার মধ্যে পড়েছে। সিনেমাটির নেপাল অংশের বেশির ভাগ শুটিং শেষ হলেও কয়েকটি দৃশ্য ও গানের শুটিং এখনো বাকি রয়েছে। নির্মাতা কামরুজ্জামান রোমান আগামী অক্টোবরে এসব কাজ শেষ করার পরিকল্পনা করেছিলেন।
নির্মাতা জানান, পলাশ আইনিভাবে বিষয়টি মোকাবিলা করছেন। তিনি দ্রুত মুক্তি পাবেন—এমন আশা করছে প্রযোজনা প্রতিষ্ঠান। তবে মুক্তি না হলে শুটিংয়ের জন্য অপেক্ষা করা ছাড়া আপাতত বিকল্প নেই।
সীমান্তবর্তী এলাকার গল্প নিয়ে নির্মিত হচ্ছে থ্রিলারধর্মী সিনেমা ‘শিকার’। আবদুল্লাহ জহির বাবুর চিত্রনাট্যে এতে মরতুজা পলাশ ও অপু বিশ্বাসের পাশাপাশি অভিনয় করছেন মাহমুদুল ইসলাম মিঠু, সুমন আনোয়ার, পশ্চিমবঙ্গের খরাজ মুখোপাধ্যায়, রজতাভ দত্ত ও শ্যাম ভট্টাচার্য।
মন্তব্য করুন