
আর্জেন্টিনার জার্সিতে লিওনেল মেসির সম্ভাব্য শেষ ম্যাচকে ঘিরে বিশেষ আয়োজনের প্রস্তুতি নিচ্ছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (আফা)। আগামী ৬ অক্টোবর মনুমেন্টাল স্টেডিয়ামে বেনিনের বিপক্ষে প্রীতি ম্যাচে মাঠে নামবে আর্জেন্টিনা। জাতীয় দলের হয়ে মেসির এই ম্যাচটিই হতে পারে তার শেষ উপস্থিতি।
আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, মেসির বিদায়ী ম্যাচকে স্মরণীয় করে রাখতে ২০২২ বিশ্বকাপজয়ী দলের সদস্যদের সবাইকে স্টেডিয়ামে আমন্ত্রণ জানিয়েছে আফা। তবে তারা কেউই ম্যাচে খেলবেন না; গ্যালারিতে বসেই মেসির শেষ আন্তর্জাতিক ম্যাচ উপভোগ করবেন।
মেসির দীর্ঘদিনের সতীর্থ ও ঘনিষ্ঠ বন্ধু আনহেল দি মারিয়াও থাকবেন গ্যালারিতে। রোসারিও সেন্ট্রালের হয়ে ম্যাচ শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি জানান, ৫ অক্টোবর বানফিল্ডের বিপক্ষে ম্যাচ খেলার পর তার যাত্রাপথেই পড়বে মনুমেন্টাল স্টেডিয়াম। তাই পরদিন সেখানে গিয়ে মেসির ম্যাচটি দেখার পরিকল্পনা রয়েছে তার।
মেসিকে ছাড়া আর্জেন্টিনা জাতীয় দলকে কল্পনা করাও কঠিন বলে মন্তব্য করেছেন দি মারিয়া। দীর্ঘদিনের সতীর্থকে ছাড়া জাতীয় দলের ভবিষ্যৎ নিয়ে আবেগ প্রকাশের পাশাপাশি আর্জেন্টিনা ও দেশটির মানুষের জন্য মেসির অবদানের কথাও স্মরণ করেন তিনি।
এদিকে মেসির বিদায়ী ম্যাচে আর্জেন্টিনার হয়ে মাঠে দেখা যেতে পারে রদ্রিগো দে পল, নিকোলাস ওতামেন্দি ও জিওভানি লো সেলসোর মতো অভিজ্ঞ খেলোয়াড়দের।
সব মিলিয়ে বেনিনের বিপক্ষে ম্যাচটি আর্জেন্টিনার জন্য কেবল একটি প্রীতি ম্যাচ নয়। মেসির দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারের সম্ভাব্য শেষ অধ্যায়কে ঘিরে মনুমেন্টালে তৈরি হচ্ছে বিশেষ এক আবহ। সেখানে উপস্থিত থাকবেন তার পুরোনো সতীর্থ, বন্ধু এবং ২০২২ বিশ্বকাপজয়ী দলের সদস্যরা।
মন্তব্য করুন