
পোল্যান্ডে স্থায়ী মার্কিন সামরিক ঘাঁটি স্থাপনের উদ্যোগ এগিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ঘাঁটির সম্ভাব্য অবস্থান শিগগিরই ঘোষণা করা হতে পারে বলেও জানিয়েছেন তিনি।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প পোল্যান্ডের প্রেসিডেন্ট কারোল নাভরোকির নেতৃত্বের প্রশংসা করেন। তিনি বলেন, ঘাঁটি স্থাপনের উদ্যোগটি বাস্তবায়িত হলে তা যুক্তরাষ্ট্র ও পোল্যান্ডের জোটের জন্য একটি ঐতিহাসিক পদক্ষেপ হবে।
২০২২ সালে রাশিয়া ইউক্রেনে সামরিক অভিযান শুরুর পর থেকে ন্যাটোর পূর্বাঞ্চলীয় সীমান্তে সামরিক উপস্থিতি বাড়ানোর দাবি জানিয়ে আসছে পোল্যান্ড।
এর আগে গত জুনে পোল্যান্ডের প্রতিরক্ষামন্ত্রী ভ্লাদিস্লাভ কোসিনিয়াক-কামিশ জানিয়েছিলেন, দেশটিতে স্থায়ী মার্কিন সামরিক উপস্থিতি রাখার প্রস্তাব নিয়ে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর আগ্রহ দেখিয়েছে। তবে তখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।
বর্তমানে পোল্যান্ডে মার্কিন সেনারা স্থায়ী ঘাঁটির বদলে ঘূর্ণায়মান ব্যবস্থায় দায়িত্ব পালন করছেন। নতুন ঘাঁটি হলে দেশটিতে মার্কিন সামরিক উপস্থিতির ধরন ও পরিসরে পরিবর্তন আসতে পারে।
মন্তব্য করুন