
আওয়ামী লীগের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম সভাপতিমণ্ডলীতে (প্রেসিডিয়াম) সায়মা ওয়াজেদ পুতুলকে অন্তর্ভুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। দলটির সাংগঠনিক পুনর্গঠনের অংশ হিসেবে তার মনোনয়ন প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের কয়েকজন জ্যেষ্ঠ নেতা।
দলীয় সূত্রের বরাতে জানা গেছে, চলতি সেপ্টেম্বর মাসের মধ্যেই পুতুলের মনোনয়ন চূড়ান্ত হতে পারে। পাশাপাশি চট্টগ্রাম ও বরিশাল বিভাগ থেকে আরও দুজন নেতাকে সভাপতিমণ্ডলীতে অন্তর্ভুক্ত করার বিষয়েও আলোচনা চলছে।
এদিকে আওয়ামী লীগের সাংগঠনিক পুনর্গঠন নিয়ে আলোচনা করতে শুক্রবার কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভা ডাকা হয়েছে। প্রথমে ভারতের নয়াদিল্লিতে সরাসরি বৈঠকের পরিকল্পনা থাকলেও পরে সিদ্ধান্ত পরিবর্তন করে সভাটি ভার্চুয়ালি আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়।
দলীয় নেতারা জানিয়েছেন, শুক্রবারের সভাতেই পুতুলের মনোনয়ন চূড়ান্ত নাও হতে পারে। কার্যনির্বাহী সংসদ যদি এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা দলীয় সভাপতি শেখ হাসিনাকে দেয়, তাহলে আগামী ২২ সেপ্টেম্বর পরিবারের সদস্য ও জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে আলোচনা করে মনোনয়ন চূড়ান্ত করা হতে পারে।
আওয়ামী লীগের গঠনতন্ত্র অনুযায়ী, কাউন্সিল অথবা কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সিদ্ধান্তের ভিত্তিতে দলীয় সভাপতি সভাপতিমণ্ডলীর সদস্য মনোনয়ন দিতে পারেন।
এর আগে ভারতের বিভিন্ন রাজ্যে অবস্থানরত আওয়ামী লীগের কয়েকজন কেন্দ্রীয় নেতা দিল্লিতে পৌঁছেছেন। তবে কেন্দ্রীয় কমিটির সব সদস্য ভারতে না থাকায় এবং অন্যান্য বিষয় বিবেচনায় নিয়ে সরাসরি বৈঠকের পরিবর্তে ভার্চুয়াল সভার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে দলীয় সূত্র জানিয়েছে।
শেখ হাসিনার সম্ভাব্য দেশে ফেরা এবং আওয়ামী লীগের ভবিষ্যৎ নেতৃত্বের কাঠামো নিয়ে দলের ভেতরে আলোচনা চলার মধ্যেই পুতুলকে সক্রিয় রাজনীতিতে আনার বিষয়টি সামনে এসেছে বলে জানিয়েছেন দলটির জ্যেষ্ঠ নেতারা।
সূত্র: টাইমস অব বাংলাদেশ
মন্তব্য করুন