
প্রেমের সম্পর্কের টানে চীন থেকে বাংলাদেশে এসে দিনাজপুরের হাকিমপুরের এক তরুণীকে বিয়ে করেছেন ৩৭ বছর বয়সী এক চীনা যুবক। বিয়ের আগে ইসলাম ধর্ম গ্রহণ করে নিজের নাম পরিবর্তন করে রেখেছেন ‘মোহাম্মদ আলী’।
স্থানীয় সূত্রে জানা গেছে, হাকিমপুর পৌরসভার মাঠপাড়া এলাকার রিয়াজুল হকের মেয়ে রাইসা আক্তার তারার সঙ্গে চীনের হুবেই প্রদেশের বাসিন্দা পংফংয়ের পরিচয় হয়। এরপর মুঠোফোনে নিয়মিত যোগাযোগের মাধ্যমে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।
গত ২০ সেপ্টেম্বর রাইসাকে বিয়ে করার উদ্দেশ্যে বাংলাদেশে আসেন পংফং। পরে গাজীপুর আদালতে ইসলাম ধর্ম গ্রহণ করেন তিনি। ধর্মান্তরের পর নিজের নাম ‘মোহাম্মদ আলী’ রাখেন। এরপর রাইসা আক্তারের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাতে নবদম্পতি হাকিমপুরে রাইসার বাড়িতে গেলে পরিবারের সদস্য ও স্থানীয়রা তাদের স্বাগত জানান।
জানা গেছে, মোহাম্মদ আলী পেশায় গার্মেন্টস পণ্যের ক্রেতা। তার বাবার নাম ফাংলে জুন এবং মায়ের নাম শিয়ান চিং।
রাইসা আক্তার জানান, ঢাকায় একটি গার্মেন্টসে চাকরি করার সময় মোহাম্মদ আলীর এক চাচার সঙ্গে তার পরিচয় হয়। একপর্যায়ে চীনে গিয়ে বিয়ের ইচ্ছার কথা জানালে ওই ব্যক্তি তার ভাতিজা পংফংয়ের সঙ্গে রাইসার পরিচয় করিয়ে দেন। পরে মোবাইল ফোনে তাদের নিয়মিত যোগাযোগ শুরু হয় এবং ধীরে ধীরে তাদের মধ্যে ভালোবাসার সম্পর্ক তৈরি হয়।
রাইসা বলেন, তিনি বিয়ের প্রস্তাব দিলে পংফং তাতে সম্মতি জানান। এরপর তাকে বিয়ে করতে বাংলাদেশে আসেন। ইসলাম ধর্ম গ্রহণের পর মোহাম্মদ আলী নাম নিয়ে তাকে বিয়ে করেন তিনি। এ ঘটনায় তার পরিবার ও এলাকাবাসী আনন্দিত।
রাইসার নানা বাদল বলেন, ঢাকায় থাকার সময় চীনা যুবকের সঙ্গে তার নাতনির পরিচয় হয়। দুজনের পছন্দের সম্পর্ক থেকেই বিয়ের সিদ্ধান্ত হয়। পরে চীনা যুবক বাংলাদেশে এসে তার নাতনিকে বিয়ে করেছেন। বৃহস্পতিবার রাতে তারা বাড়িতে আসায় পরিবারের সবাই আনন্দিত।
মন্তব্য করুন