
শিশু-কিশোরদের মেধাবিকাশ ও মননশীল সাহিত্যচর্চাকে উৎসাহিত করতে ‘ছোটদের সময় প্রকাশনী’র ৮টি বইয়ের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৭ সেপ্টেম্বর) বিকেল ৪টায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এ প্রকাশনা উৎসবের আয়োজন করা হয়। দীর্ঘদিন ধরে শিশু-কিশোরদের উপযোগী মানসম্মত সাহিত্য প্রকাশ করে আসছে ‘ছোটদের সময় প্রকাশনী’। এরই ধারাবাহিকতায় এবার নতুন ৮টি বই প্রকাশ করা হয়েছে।
প্রকাশিত বইগুলোর মধ্যে রয়েছে—কবি ও শিশুসাহিত্যিক আবদুল হাই শিকদারের মুক্তিযুদ্ধভিত্তিক কিশোর উপন্যাস ‘টম একাত্তর’, খ্যাতিমান ছড়াকার আবু সালেহের শিশুতোষ ছড়ার বই ‘মুখে মুখে ছড়া’, খ্যাতিমান শিশুসাহিত্যিক ফারুক হোসেনের ‘ভালো হওয়ার গল্প’, শিশুবিদ ও শিশুসাহিত্যিক মুহাম্মদ আসাদুজ্জামানের ছোটদের গল্পের বই ‘সবুজ পাহাড়ে কালো ভূত’, শিশুসাহিত্যিক রেজাউল করিম খোকনের রূপকথার গল্প ‘হনমুন দ্বীপে ভয়ংকর অভিযান’, জনপ্রিয় কথাসাহিত্যিক ও সাংবাদিক আমিরুল মোমেনীন মানিকের শহীদ উসমান হাদীকে নিয়ে কিশোর উপন্যাস ‘হাদী ফিরলেন রাষ্ট্রপ্রধান হয়ে’ চিকিৎসক ও কবি ফাতেমা কাউসারের কবিতার বই ‘লাল জুলাইয়ের বাংলাদেশ’ এবং শিশুসাহিত্যিক মামুন সারওয়ারের ছড়ার বই ‘ছড়াগুলো মননের জন্য’।
প্রকাশনা উৎসবে প্রধান অতিথি ছিলেন বরেণ্য শিশুসাহিত্যিক ও ছড়াকার মাহমুদ উল্লাহ। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন শিশুসাহিত্যিক শওকত হোসেন ও শিশুসাহিত্যিক মনসুর আজিজ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিশুসাহিত্যিক আশরাফুন্নেছা দুলু।
আয়োজকরা জানান, শিশু-কিশোরদের জন্য মানসম্মত ও সৃজনশীল সাহিত্য প্রকাশের ধারাবাহিকতা বজায় রাখতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
মন্তব্য করুন