ঢাকার কেরানীগঞ্জের কদমতলী এলাকায় ফুটপাত দখলমুক্ত করতে অভিযান চালিয়েছে ঢাকা জেলা পুলিশ। এ সময় ফুটপাতের দুই পাশে গড়ে ওঠা শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। একই সঙ্গে দখল করে রাখা বিভিন্ন মালামাল জব্দ করা হয়েছে।
রোববার (১৪ সেপ্টেম্বর) বিকেল থেকে কদমতলী বাসস্ট্যান্ড, বাবুবাজার ব্রিজসংলগ্ন সড়ক ও আশপাশের প্রধান সড়কগুলোতে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন ঢাকা জেলার প্রথম নারী পুলিশ সুপার শামীমা পারভীন।
পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে কদমতলী এলাকার বিভিন্ন ফুটপাত দখল করে টং দোকান, ভাসমান হকার মার্কেট, নির্মাণসামগ্রীসহ বিভিন্ন ধরনের পণ্য রাখা হচ্ছিল। এতে পথচারীদের চলাচলে বিঘ্ন ঘটার পাশাপাশি সড়কে যানজট ও জনদুর্ভোগ সৃষ্টি হচ্ছিল।
অভিযান চলাকালে ফুটপাত দখল করে স্থাপন করা দোকান ও অন্যান্য অবৈধ স্থাপনা সরিয়ে দেওয়া হয়। পাশাপাশি ফুটপাত ও সড়ক দখল করে রাখা বিভিন্ন মালামাল জব্দ করা হয়। সংশ্লিষ্টদের ভবিষ্যতে ফুটপাত দখল না করার বিষয়ে সতর্কও করা হয়।
ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভীন বলেন, ফুটপাত সাধারণ মানুষের চলাচলের জন্য। এটি দখল করে অবৈধভাবে ব্যবসা পরিচালনার সুযোগ দেওয়া হবে না। জনসাধারণের নির্বিঘ্ন চলাচল ও সড়কে শৃঙ্খলা নিশ্চিত করতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। জনদুর্ভোগ কমাতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
অভিযানে ঢাকা জেলা ডিবি (দক্ষিণ), কেরানীগঞ্জ মডেল থানা, দক্ষিণ কেরানীগঞ্জ থানা ও ট্রাফিক পুলিশের কর্মকর্তারা অংশ নেন।
পুলিশের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় ব্যবসায়ী ও পথচারীরা। তবে তারা ফুটপাত দখলমুক্ত রাখার পাশাপাশি পুনরায় দখল ঠেকাতে নিয়মিত নজরদারি জোরদারের দাবি জানিয়েছেন।
মন্তব্য করুন