
ঢাকা-টঙ্গী মহাসড়কে মধ্যরাতে দুই তরুণের মাঝে এক তরুণীকে মোটরসাইকেলে করে নেওয়ার একটি ভিডিও ও ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। তরুণীকে অচেতন অবস্থায় বহন করা হচ্ছিল বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় নানা প্রশ্ন ও সন্দেহ তৈরি হয়েছে।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) ভোরে মাদরাসাতুল মাদীনা-বগুড়ার প্রতিষ্ঠাতা পরিচালক মুফতি মনোয়ার হোসেন সামাজিক যোগাযোগমাধ্যমে ওই ছবিগুলো প্রকাশ করেন। উমরার সফর শেষে বগুড়া ফেরার পথে আব্দুল্লাহপুর পার হয়ে টঙ্গী পর্যন্ত তিনি মোটরসাইকেলটি অনুসরণ করেন বলে জানান।
তার ভাষ্য অনুযায়ী, মোটরসাইকেলটি একজন যুবক চালাচ্ছিলেন। মাঝখানে থাকা তরুণীর পা নিচের দিকে ঝুলছিল এবং পেছনে থাকা আরেক যুবক তাকে শক্ত করে ধরে রেখেছিলেন। বিষয়টি দেখে তরুণী জীবিত নাকি মৃত—এ নিয়ে সন্দেহ হয় তার। তিনি ৯৯৯ নম্বরে যোগাযোগের চেষ্টা করলেও সফল হননি বলে জানান।
এদিকে, সামাজিক যোগাযোগমাধ্যমের কয়েকটি মন্তব্যে দাবি করা হয়েছে, উত্তরা এলাকার একটি বারে অসুস্থ হয়ে পড়ার পর ওই তরুণীকে মোটরসাইকেলে করে নেওয়া হচ্ছিল। তবে এসব দাবি স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
ঘটনাটি নিয়ে টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান জানান, বিষয়টি পুলিশের নজরে এসেছে এবং তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
তবে এখন পর্যন্ত ওই তরুণী মারা গেছেন—এমন কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।
মন্তব্য করুন