
বলিউড সুপারস্টার শাহরুখ খানের জীবন ও বিশ্বজুড়ে তার অভাবনীয় জনপ্রিয়তার গল্প নিয়ে প্রামাণ্যচিত্র নির্মাণের আগ্রহ প্রকাশ করেছেন অস্কারজয়ী চলচ্চিত্র নির্মাতা কেভিন ম্যাকডোনাল্ড।
সম্প্রতি এক সাক্ষাৎকারে ম্যাকডোনাল্ড জানান, শাহরুখ খানকে কেন্দ্র করে ডকুমেন্টারি তৈরির বিষয়ে তার সঙ্গে আগেও প্রাথমিক আলোচনা হয়েছিল। তবে সে সময় উপযুক্ত পরিবেশ ও সময়ের অভাবে পরিকল্পনাটি আর বাস্তবে রূপ নেয়নি।
শাহরুখের দীর্ঘ ক্যারিয়ার, তারকা হিসেবে উত্থান এবং আন্তর্জাতিক পর্যায়ে বিপুল জনপ্রিয়তার পেছনের কারণগুলো নিয়ে এখনো আগ্রহ রয়েছে ম্যাকডোনাল্ডের। ভবিষ্যতে শাহরুখ নিজেই আবার এ বিষয়ে যোগাযোগ করবেন—এমন আশাও রসিকতার সঙ্গে জানিয়েছেন তিনি।
শুধু শাহরুখ খান নয়, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়েও প্রামাণ্যচিত্র নির্মাণের ইচ্ছা রয়েছে এই নির্মাতার।
ব্যক্তিত্বনির্ভর গল্প নির্মাণে কেভিন ম্যাকডোনাল্ডের রয়েছে দীর্ঘ অভিজ্ঞতা। সম্প্রতি ম্যানচেস্টার সিটির কোচ পেপ গার্দিওলার শেষ দুই মৌসুমের সাফল্য ও কর্মজীবন নিয়ে চার পর্বের ডকুমেন্টারি সিরিজ ‘এ বিউটিফুল অবসেশন’ নির্মাণ করেছেন তিনি।
এদিকে ডকুমেন্টারির পাশাপাশি এবার পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রেও ফিরছেন ম্যাকডোনাল্ড। হলিউড অভিনেত্রী গ্যাল গ্যাডটকে কেন্দ্রীয় চরিত্রে রেখে তার নতুন থ্রিলার সিনেমা ‘দ্য রানার’-এর কাজ শিগগিরই শুরু করার কথা রয়েছে।
মন্তব্য করুন