
ফিফা বিশ্বকাপ ২০২৬-এর ফাইনাল ঘিরে নতুন করে আলোচনায় এসেছে জনপ্রিয় গেম নির্মাতা প্রতিষ্ঠান ইএ স্পোর্টসের পূর্বাভাস। তাদের সিমুলেশন অনুযায়ী, এবারের আসরে শিরোপা জিততে পারে স্পেন, যা আর্জেন্টিনা সমর্থকদের জন্য কিছুটা উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।
এর আগে ২০২২ কাতার বিশ্বকাপের আগেও আর্জেন্টিনাকে চ্যাম্পিয়ন হিসেবে ভবিষ্যদ্বাণী করে ব্যাপক সাড়া ফেলেছিল ইএ স্পোর্টস। সেই ধারাবাহিকতায় এবারও তাদের বিশ্লেষণ ফুটবলপ্রেমীদের দৃষ্টি আকর্ষণ করেছে।
সিমুলেশনে দেখা গেছে, ফাইনালে আর্জেন্টিনাকে হারিয়ে ২০১০ সালের পর দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন হতে পারে স্পেন। ইতোমধ্যে সেমিফাইনালে ফ্রান্সকে ২-০ গোলে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে স্পেন। অন্যদিকে ইংল্যান্ডকে ২-১ গোলে পরাজিত করে টানা দ্বিতীয়বারের মতো ফাইনালে উঠেছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা।
নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাওয়া এই ফাইনাল ম্যাচ ঘিরে তাই উত্তেজনা তুঙ্গে।
ইএ স্পোর্টসের পূর্বাভাসকে গুরুত্ব দেওয়ার পেছনে যথেষ্ট কারণও রয়েছে। গত চারটি বিশ্বকাপে তাদের অনুমান বাস্তব ফলাফলের সঙ্গে মিলে গেছে—২০১০ সালে স্পেন, ২০১৪ সালে জার্মানি, ২০১৮ সালে ফ্রান্স এবং ২০২২ সালে আর্জেন্টিনা—সব ক্ষেত্রেই তারা আগাম সঠিক ধারণা দিয়েছিল।
তবে সবসময় যে তাদের পূর্বাভাস নির্ভুল হয়েছে, তা নয়। ২০০৬ বিশ্বকাপে চেক প্রজাতন্ত্রকে সম্ভাব্য চ্যাম্পিয়ন বললেও দলটি গ্রুপ পর্বেই বিদায় নেয়।
সবকিছু মিলিয়ে, পরিসংখ্যান ও প্রযুক্তিনির্ভর পূর্বাভাস একদিকে থাকলেও শেষ পর্যন্ত শিরোপা নির্ধারণ হবে মাঠের লড়াইয়েই—এমনটাই মনে করছেন ফুটবল বিশ্লেষকরা।
উল্লেখ্য, আগামী রোববার বাংলাদেশ সময় রাত ১টায় অনুষ্ঠিত হবে বিশ্বকাপের বহুল প্রতীক্ষিত ফাইনাল ম্যাচ, যেখানে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও স্পেন।
মন্তব্য করুন