
রাজধানীর যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফেরাতে গুলিস্তান ও ফুলবাড়িয়া এলাকার দূরপাল্লার বাস টার্মিনাল কেরানীগঞ্জের ঝিলমিল এলাকায় স্থানান্তরের উদ্যোগ নেওয়া হয়েছে। এ উদ্যোগের অংশ হিসেবে গত ১২ অক্টোবর (সোমবার) দক্ষিণ কেরানীগঞ্জের চুনকুটিয়ায় রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) ঝিলমিল প্রকল্প এলাকায় একটি অস্থায়ী বাস টার্মিনাল উদ্বোধন করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজউকের চেয়ারম্যান প্রকৌশলী রিয়াজুল ইসলাম, ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) আনিছুর রহমানসহ সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা।
সংশ্লিষ্ট সূত্র জানায়, আগামী দুই মাসের মধ্যে নতুন অস্থায়ী টার্মিনাল থেকে দক্ষিণাঞ্চলের অন্তত ১৯টি জেলার দূরপাল্লার বাস চলাচল শুরু হতে পারে। পরিকল্পনাটি বাস্তবায়িত হলে রাজধানীর কেন্দ্রীয় সড়কগুলোতে দূরপাল্লার বাসের চাপ কমার পাশাপাশি যানজট নিরসনে ইতিবাচক প্রভাব পড়তে পারে।
দীর্ঘমেয়াদে ঝিলমিল এলাকায় প্রায় ৭৫ একর জমিতে স্থায়ী বাস টার্মিনাল ও ডিপো নির্মাণের পরিকল্পনা রয়েছে রাজউকের। এ ছাড়া ভবিষ্যতে বাদামতলী পাইকারি বাজারের পণ্যবাহী ট্রাকও ওই এলাকায় স্থানান্তরের পরিকল্পনা করা হচ্ছে। এসব উদ্যোগ বাস্তবায়িত হলে এলাকাটি সমন্বিত পরিবহনকেন্দ্র হিসেবে গড়ে উঠতে পারে।
এর আগে রাজধানীর ট্রাফিক ব্যবস্থাপনা উন্নয়ন ও যানজট কমানোর লক্ষ্যে চলতি বছরের মার্চ, মে, জুন ও আগস্টে অনুষ্ঠিত একাধিক সমন্বয় সভায় বাস টার্মিনাল স্থানান্তরের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়।
অনুষ্ঠানে কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওমর ফারুক বলেন, টার্মিনাল উদ্বোধনের মাধ্যমে ঢাকার পরিবহন ব্যবস্থাপনায় নতুন অধ্যায়ের সূচনা হলো। তবে স্থানীয় বাসিন্দারা যাতে নতুন করে যানজট ও ভোগান্তির মুখে না পড়েন, সে জন্য সমন্বিত তদারকি নিশ্চিত করতে হবে।
সংশ্লিষ্টদের মতে, রাজধানীর ব্যস্ত সড়ক থেকে দূরপাল্লার বাস সরিয়ে নেওয়া হলে যানজট নিয়ন্ত্রণে সহায়ক হতে পারে। তবে এ উদ্যোগের সুফল নিশ্চিত করতে পর্যাপ্ত সংযোগ সড়ক, কার্যকর ট্রাফিক ব্যবস্থাপনা, গণপরিবহনের সঙ্গে সমন্বয় এবং যাত্রীদের নির্বিঘ্ন যাতায়াতের ব্যবস্থা জরুরি। একই সঙ্গে নতুন টার্মিনালকে কেন্দ্র করে কেরানীগঞ্জের স্থানীয় সড়কে যানবাহনের চাপ ও জনভোগান্তি যাতে না বাড়ে, সে বিষয়েও প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে।
মন্তব্য করুন