
বান্দরবানে নদীপথে অবৈধভাবে বাঁশ পরিবহনের অভিযোগে নুরুল ইসলাম নামে এক ব্যক্তিকে আটক করেছে বাংলাদেশ সেনাবাহিনী। মঙ্গলবার (৪ নভেম্বর) বিকেলে বান্দরবান সদর জোনের অধীন বেতছড়া আর্মি ক্যাম্পের সদস্যরা অভিযান চালিয়ে তাকে বাঁশসহ আটক করেন।
সেনাবাহিনী সূত্রে জানা যায়, পার্বত্য অঞ্চলের বনজ ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ এবং অবৈধ পাচার রোধে নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়।
আটকের পর ক্যাম্প কমান্ডার পরিবহন করা বাঁশের প্রয়োজনীয় কাগজপত্র যাচাই করেন। এ সময় কাগজপত্রে বৈধতার বিষয়ে অসংগতি পাওয়া যায়। পরে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আটক ব্যক্তির পরিবহন করা বাঁশ বন বিভাগ, বান্দরবানের কাছে হস্তান্তর করা হয়।
সেনাবাহিনী জানিয়েছে, পার্বত্য অঞ্চলের প্রাকৃতিক সম্পদ রক্ষা, অবৈধ পাচার প্রতিরোধ এবং জননিরাপত্তা নিশ্চিত করতে তাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি এসব কার্যক্রমে স্থানীয় জনগণের সহযোগিতা ও সচেতনতা কামনা করেছে সেনাবাহিনী।
মন্তব্য করুন