
মিথ্যা অপবাদ, গুজব ছড়ানো ও চরিত্রহনন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি দীর্ঘ পোস্ট দিয়েছেন ফ্যাশন ডিজাইনার রুমি করিম। পোস্টে তিনি মিথ্যা অভিযোগের ধর্মীয় পরিণতি তুলে ধরে সমালোচকদের উদ্দেশে ইসলামের আলোকে গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন।
পোস্টে রুমি করিম লেখেন, কাউকে অপছন্দ করা বা তার সঙ্গে মতবিরোধ থাকা মানেই তার বিরুদ্ধে মিথ্যা গল্প তৈরি করা কিংবা মানুষের কাছে তাকে ছোট করার অধিকার পাওয়া নয়। মানুষের কাছে কোনো গল্প বিশ্বাসযোগ্য করে তোলা গেলেও আল্লাহর কাছে নিজের কাজের জবাবদিহি এড়ানো সম্ভব নয় বলেও উল্লেখ করেন তিনি।
ইসলামে মিথ্যা অপবাদকে ‘বুহতান’ হিসেবে উল্লেখ করে রুমি করিম পবিত্র কোরআনের সূরা আল-আহযাব ও সূরা আন-নূরের বিভিন্ন আয়াতের প্রসঙ্গ তুলে ধরেন। তার ভাষ্য, মানুষের সম্মানহানি করে মিথ্যা ছড়ানোকে অনেকে তুচ্ছ মনে করলেও আল্লাহর কাছে তা গুরুতর অপরাধ।
তিনি আরও উল্লেখ করেন, রাসুলুল্লাহ (সা.)-এর হাদিসে অন্যের অধিকার নষ্ট করা, গালি দেওয়া ও অপবাদ দেওয়ার পরিণতি সম্পর্কে সতর্ক করা হয়েছে। তাই কারও বিরুদ্ধে অভিযোগ থাকলে তা মিথ্যা গল্পের মাধ্যমে নয়, বরং সত্য ও প্রমাণের ভিত্তিতে তুলে ধরার আহ্বান জানান তিনি।
নিজের অবস্থান ব্যাখ্যা করে রুমি করিম লেখেন, কেউ তাকে অপছন্দ করতে পারেন কিংবা তার জীবনযাপন ও সিদ্ধান্তের সঙ্গে দ্বিমত পোষণ করতে পারেন। তবে সেই অপছন্দের কারণে তার বিরুদ্ধে মিথ্যা বলার অধিকার কারও নেই। একই সঙ্গে নিজের দায়িত্বের কথাও উল্লেখ করে তিনি বলেন, অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে নিজেকেও নৈতিকতার সীমা অতিক্রম করা থেকে বিরত রাখতে হবে।
পোস্টের শেষাংশে সমালোচকদের উদ্দেশে বদদোয়ার পরিবর্তে দোয়া করার কথা উল্লেখ করেন রুমি করিম। যারা মিথ্যা ছড়ান, তাদের হেদায়েত এবং যারা অপবাদের শিকার হন, তাদের ন্যায়বিচার কামনা করেন তিনি।
পোস্টে তিনি আরও লেখেন, মানুষের আদালতে সত্য আড়াল করা গেলেও আল্লাহর কাছে কোনো কিছুই গোপন থাকে না। সত্যের পক্ষে অবস্থান নিতে গিয়ে নিজের নৈতিকতা ও চরিত্র অক্ষুণ্ন রাখার ওপরও গুরুত্ব দেন তিনি।
মন্তব্য করুন