
প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন ও ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েমের মধ্যে পাল্টাপাল্টি বক্তব্য ঘিরে রাজনৈতিক অঙ্গনে আলোচনা তৈরি হয়েছে। সাদিক কায়েমের করা ‘ব্যক্তিত্বহীন’ মন্তব্যের জবাবে তাকে কটাক্ষ করে ফেসবুকে পোস্ট দিয়েছেন রাশেদ খাঁন।
বুধবার (৪ নভেম্বর) দেওয়া ওই পোস্টে রাশেদ খাঁন দাবি করেন, আওয়ামী লীগ আবারও ক্ষমতায় এলে সাদিক কায়েম ছাত্রলীগে যোগ দিতে পারেন। একই সঙ্গে ছাত্রলীগের প্রতি তার আগের অনুরাগ এখনো রয়েছে কি না, এমন প্রশ্নও তোলেন তিনি।
এর আগে মঙ্গলবার (৩ নভেম্বর) সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে রাশেদ খাঁন সম্পর্কে সাদিক কায়েম বলেন, ‘ব্যক্তিত্বহীন মানুষকে নিয়ে মন্তব্য করতে চাই না।’
সাদিক কায়েমের এই বক্তব্যের জবাবে রাশেদ খাঁন তার ফেসবুক পোস্টে শ্রমিক তৌফিক হত্যাকাণ্ডের প্রসঙ্গ তুলে ধরেন। বিএনপি সরকার শ্রমিক তৌফিককে হত্যা করেছে—এমন অভিযোগের পক্ষে সাদিক কায়েমের কাছে কোনো প্রমাণ আছে কি না, তা জানতে চান তিনি। প্রমাণ থাকলে তা প্রকাশের আহ্বানও জানান।
পোস্টে রাশেদ খাঁন আরও দাবি করেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আবরার ফাহাদ হত্যার প্রতিবাদে আন্দোলনের সময় সাদিক কায়েম ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিয়ে সাদ্দামের নেতৃত্বে মিছিলে অংশ নিয়েছিলেন।
তিনি অভিযোগ করেন, শ্রমিক হত্যার দায় বিএনপি সরকারের ওপর চাপিয়ে শ্রমিক পরিচয়কে ব্যবহার করে আওয়ামী লীগের তাণ্ডবকে আরও বেগবান করার চেষ্টা চলছে। একই সঙ্গে শ্রমিকদের কাজে ফেরাতে সরকারের নেওয়া সিদ্ধান্তে সংশ্লিষ্ট একটি পক্ষ হতাশ হয়েছে বলেও মন্তব্য করেন রাশেদ খাঁন।
তবে সাদিক কায়েমের বিরুদ্ধে রাশেদ খাঁনের এসব অভিযোগের বিষয়ে তার কোনো পাল্টা বক্তব্য পাওয়া যায়নি।
মন্তব্য করুন