
সারা এক্সপ্রেসের অনিয়ম, ভাড়া নৈরাজ্য ও যাত্রাবিরতির সময় প্রতিষ্ঠানটির ফুড ভ্যালি রেস্তোরাঁয় নিম্নমানের খাবার পরিবেশন নিয়ে প্রকাশিত সংবাদকে কেন্দ্র করে দৈনিক সমাচারের মাল্টিমিডিয়া ইনচার্জ আবু নোমানকে বিভিন্ন মুঠোফোন নম্বর থেকে গালিগালাজ ও হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে।
সম্প্রতি সারা এক্সপ্রেসের অনিয়ম, ভাড়া নৈরাজ্য এবং নোয়াখালী পৌরসভার সাবেক মেয়র শহিদুল্লাহ খান সোহেলের রেখে যাওয়া অবৈধ অর্থে বাস পরিচালনার অভিযোগ নিয়ে দৈনিক সমাচারে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদনটি দৈনিক সমাচারের নোয়াখালী প্রতিনিধি পাঠিয়েছিলেন।
ওই প্রতিবেদন প্রকাশের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার দৈনিক সমাচারের কার্যালয়ে যান সারা এক্সপ্রেস কর্তৃপক্ষের পরিচয়ে আসা এক আইনজীবী ও নোয়াখালী জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক পরিচয়ে আব্দুল্লাহ ফারুক বাবু। এ সময় তাঁরা প্রকাশিত সংবাদটি সরিয়ে নেওয়া এবং এ বিষয়ে একটি প্রতিবাদ প্রকাশের অনুরোধ জানান।
আবু নোমানের অভিযোগ, ওই দুই ব্যক্তি কার্যালয়ে আসার পর তাঁর মুঠোফোন নম্বর সংগ্রহ করেন। তাঁরা কার্যালয় ত্যাগ করার পর থেকে ০১৮৪১-৩২৫০৫২ ও ০১৮৩৬২০৫৪৫৮ নম্বর থেকে ফোন করে তাঁকে গালিগালাজ ও প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে।
আবু নোমান বলেন, “বিভিন্ন নম্বর থেকে ফোন করে আমাকে গালিগালাজ ও প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে। এতে আমি নিজের নিরাপত্তা নিয়ে শঙ্কিত। হুমকির ফোনকলগুলোর রেকর্ড আমার কাছে সংরক্ষিত রয়েছে। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার প্রস্তুতি নিচ্ছি।”
এ বিষয়ে সারা এক্সপ্রেসের কর্তৃপক্ষের কাছে জানতে চাইলে তিনি বলেন, কে বা কারা ফোন করে হুমকি দিচ্ছে, সে বিষয়ে তাঁরা কিছু জানেন না।
আবু নোমানের ভাষ্য, সারা এক্সপ্রেসের আইনজীবী ও নোয়াখালী জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল্লাহ ফারুক বাবু দৈনিক সমাচারের কার্যালয়ে আসার আগে তাঁর কাছে এ ধরনের কোনো হুমকিমূলক ফোনকল আসেনি। তাঁদের কার্যালয় ত্যাগের পর থেকেই বিভিন্ন নম্বর থেকে হুমকিমূলক ফোনকল আসতে শুরু করে বলে তিনি অভিযোগ করেন।
মন্তব্য করুন