
পাঠকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, নতুন বইয়ের প্রতি আগ্রহ এবং কবি-সাহিত্যিকদের প্রাণবন্ত আড্ডার মধ্য দিয়ে সফলভাবে শেষ হয়েছে তিন দিনব্যাপী ‘রাওয়া বইমেলা ২০২৬’। রাজধানীর মহাখালীর রাওয়া কনভেনশন হলে গত ৮ অক্টোবর শুরু হওয়া এ বইমেলা শনিবার (১০ অক্টোবর) রাতে শেষ হয়।
এবারের বইমেলায় অন্যতম আকর্ষণ ছিল প্রকাশনা সংস্থা স্টুডেন্ট ওয়েজের ৪৫ নম্বর স্টল। স্টলটিতে পাঠকদের বিশেষ আগ্রহের কেন্দ্রবিন্দুতে ছিল ফারাহ জেহিরের সম্পাদনায় প্রকাশিত ‘কথার কাগজ: নির্বাচিত কবিতা’ গ্রন্থটি।
গত দুই বছরে ‘কথার কাগজ’-এ প্রকাশিত কবিতাগুলোর মধ্য থেকে ৩০ জন স্বনামধন্য কবির নির্বাচিত চারটি করে মোট ১২০টি কবিতা নিয়ে সাজানো হয়েছে গ্রন্থটি। কবিতার এই সমৃদ্ধ সংকলন বইমেলায় আগত পাঠক ও সাহিত্যপ্রেমীদের দৃষ্টি আকর্ষণ করে।
শনিবার মেলা প্রাঙ্গণে উপস্থিত প্রথিতযশা কবি-সাহিত্যিক, স্টুডেন্ট ওয়েজের প্রকাশক মাশফিক তন্ময় এবং পাঠকদের অংশগ্রহণে প্রাণবন্ত সাহিত্য আড্ডার মধ্য দিয়ে গ্রন্থটির মোড়ক উন্মোচন করা হয়।
অনুষ্ঠানে কবি বিমল গুহ, প্রজ্ঞা চন্দ, নীহারিকা নাজ, গোলাম কিবরিয়া পিনু, শিমুল আহমেদ ও তানজীনা ফেরদৌসের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে মুখর হয়ে ওঠে মেলা প্রাঙ্গণ। অগ্রজ ও অনুজ কবি-সাহিত্যিকদের এই মিলনমেলা আয়োজনটিকে দেয় বিশেষ সাহিত্যিক মাত্রা।
বইমেলার আয়োজন ও প্রকাশনা সংস্থা স্টুডেন্ট ওয়েজের পক্ষ থেকে মেলায় আগত পাঠক, সাহিত্যপ্রেমী, কবি-লেখক এবং শুভানুধ্যায়ীদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়েছে। আয়োজকদের পক্ষ থেকে বলা হয়, পাঠকদের ভালোবাসা ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ভবিষ্যতে আরও সমৃদ্ধ সাহিত্য আয়োজনের অনুপ্রেরণা জোগাবে।
মন্তব্য করুন