বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমির মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী জানিয়েছেন, তাদের দল বর্তমানে কোনো রাজনৈতিক জোটের সঙ্গে সম্পৃক্ত নয়। ফলে কোনো জোটের তালিকায় দলের নাম ব্যবহার করা সঠিক হবে না।
বুধবার (১০ জুন) বাদ জোহর কেন্দ্রীয় মজলিসে আমেলার বৈঠকে তিনি এ মন্তব্য করেন। এসময় তিনি বিশেষভাবে ১১ দলীয় জোটকে আহ্বান জানান, তাদের তালিকায় বাংলাদেশ খেলাফত আন্দোলনের নাম ব্যবহার না করতে।
তিনি বলেন, গত জাতীয় নির্বাচনে দলটি স্বতন্ত্রভাবে অংশগ্রহণ করেছে। নির্বাচনের আগে বিভিন্ন ইস্যুতে যুগপৎ আন্দোলনে থাকলেও, নির্বাচনী সমঝোতা না হওয়ায় কোনো জোটে যুক্ত হয়নি তারা। তিনি জুলাই শহীদ ও শাপলা চত্বরের শহীদ পরিবারের পুনর্বাসন এবং গণহত্যার বিচারের দাবির বিষয়টিও উল্লেখ করেন।
দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী বলেন, ইসলাম ও দেশের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র চলছে। তিনি অভিযোগ করেন, ভারতে মুসলমানদের ওপর নির্যাতন ও মসজিদ ভাঙার ঘটনা ঘটছে, একইসঙ্গে বাংলাদেশে ‘পুশইন’ করা হচ্ছে।
এছাড়া গাইবান্ধায় শিবমূর্তি স্থাপনকে কেন্দ্র করে দেশে অস্থিরতা সৃষ্টির আশঙ্কা প্রকাশ করেন তিনি। ওই মূর্তি অপসারণের দাবিতে বৃহস্পতিবার বাদ আসর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে বিক্ষোভ মিছিলের কর্মসূচি ঘোষণা করা হয়েছে।
তিনি দেশ ও ইসলাম রক্ষায় দল-মত নির্বিশেষে সকল কালেমায় বিশ্বাসী মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। তার ভাষায়, হক্কানি আলেমদের নেতৃত্বে ঐক্য গড়ে তুলে এসব ষড়যন্ত্র মোকাবিলা করতে হবে।
বৈঠকে দলের নায়েবে আমির মাওলানা সাইদুর রহমান, মাওলানা মুজিবুর রহমান হামিদী, যুগ্ম মহাসচিব মাওলানা মীর ইদ্রিস, হাজী জালাল উদ্দিন বকুল, সাংগঠনিক সম্পাদক মুফতি সুলতান মহিউদ্দিনসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।
Reporter Name 















