ঢাকাই চলচ্চিত্রের পরিচিত মুখ চিত্রনায়ক রাসেল মিয়া চলচ্চিত্র ও নাট্যাঙ্গনের সব ধরনের কার্যক্রম থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক আবেগঘন পোস্টে অভিনয়জগৎকে বিদায় জানান তিনি।
গত ২৮ অক্টোবর রাত ৮টার দিকে দেওয়া ওই পোস্টে রাসেল মিয়া জানান, এখন থেকে চলচ্চিত্র ও নাটকের সঙ্গে সংশ্লিষ্ট কোনো কাজে আর যুক্ত থাকবেন না। তবে সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের সঙ্গে সম্পর্ক বজায় রাখার কথা জানিয়েছেন তিনি।
‘ভাইয়ারে’, ‘ময়নার শেষ কথা’, ‘গোঁয়ার’ ও ‘গায়ের শুভাশিনী’সহ বেশ কয়েকটি চলচ্চিত্রে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করে পরিচিতি পান রাসেল মিয়া। চলচ্চিত্রের পাশাপাশি নাটকেও নিয়মিত কাজ করেছেন তিনি।
এ ছাড়া ২০২৬-২৮ মেয়াদে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে দপ্তর ও প্রচার সম্পাদক পদেও প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন এই অভিনেতা।
বিদায়বার্তায় রাসেল মিয়া লেখেন, “আমি আমার আল্লাহর কাছে গিয়েছিলাম, আল্লাহ দয়া করে আমাকে রেখে দিয়েছেন। আলহামদুলিল্লাহ! আজ থেকে আমার চলচ্চিত্র ও নাটকের কর্মস্থলের সকল কাজ থেকে আমি পুরোপুরি বিদায় নিলাম। তবে আমার সকল প্রিয় সহকর্মী ও শুভানুধ্যায়ীদের সঙ্গে সবসময় আল্লাহর জন্য যোগাযোগ থাকবে। ইনশাআল্লাহ! আল্লাহ দয়া করে আপনি আমাকে মাফ করে দিন।”
তার এমন ঘোষণার পর বিনোদন অঙ্গনে শুরু হয়েছে আলোচনা। অভিনয়জগৎ ছেড়ে রাসেল মিয়ার নতুন পথচলা নিয়ে আগ্রহ তৈরি হয়েছে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে।
প্রধান সম্পাদক: মোঃ সাব্বির (নিথিম)
সম্পাদক ও প্রকাশক: মোঃ তানজিলুল ইসলাম তামিম
Copyright © 2026 Desh Scope 24. All rights reserved.