ঢাকার কেরানীগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন ও সংরক্ষণ এবং বিভিন্ন অনিয়মের অভিযোগে কুসুম বেকারি অ্যান্ড কোম্পানিকে ৩ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (২৭ অক্টোবর) কেরানীগঞ্জ মডেলের পশ্চিম কালিন্দীর ব্রাহ্মণকিত্তা এলাকায় অবস্থিত প্রতিষ্ঠানটিতে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট অনুপম দাস অনুপ।
অভিযান সূত্রে জানা যায়, বেকারিটির মেঝে, সিঁড়ি, দরজা-জানালা ও খাদ্যপণ্য তৈরির যন্ত্রপাতি ছিল অত্যন্ত অপরিচ্ছন্ন। এ ছাড়া রেফ্রিজারেটরে কেকের সঙ্গে কাঁচা মাংস একত্রে রাখা এবং লেবেলবিহীন কেক, বিস্কুটসহ বিভিন্ন খাদ্যপণ্য সংরক্ষণের প্রমাণ পাওয়া যায়।
অভিযানকালে প্রতিষ্ঠানটি হালনাগাদ ফায়ার লাইসেন্স ও প্রিমিসেস লাইসেন্সসহ খাদ্যকর্মীদের স্বাস্থ্য সনদ, পেস্ট কন্ট্রোলের প্রমাণপত্র এবং পানি পরীক্ষার সনদ দেখাতে পারেনি।
এসব অনিয়মের কারণে ভ্রাম্যমাণ আদালত প্রতিষ্ঠানটিকে ৩ লাখ টাকা জরিমানা করেন।
খাদ্যপণ্যের নিরাপত্তা ও জনস্বাস্থ্য সুরক্ষায় এ ধরনের অভিযান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। একই সঙ্গে খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর স্বাস্থ্যবিধি মেনে চলা এবং প্রয়োজনীয় অনুমোদন ও সনদপত্র হালনাগাদ রাখার বিষয়টিও নতুন করে সামনে এসেছে।
প্রধান সম্পাদক: মোঃ সাব্বির (নিথিম)
সম্পাদক ও প্রকাশক: মোঃ তানজিলুল ইসলাম তামিম
Copyright © 2026 Desh Scope 24. All rights reserved.