পাকিস্তানের জনপ্রিয় অভিনেতা ওহাজ আলী এবার আসছেন বাংলাদেশে। ‘তেরে বিন’ নাটকে মুরতাসিম খান চরিত্রে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা পাওয়া এই অভিনেতা ঢাকায় একটি বিশেষ আয়োজনে অংশ নেওয়ার পাশাপাশি বাংলাদেশি ভক্তদের সঙ্গে দেখা করবেন।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিও বার্তায় বাংলাদেশে আসার বিষয়টি নিজেই নিশ্চিত করেছেন ওহাজ আলী।
ভিডিও বার্তায় বাংলাদেশি দর্শকদের উদ্দেশে তিনি বলেন, ‘হ্যালো বাংলাদেশ, আমি ওহাজ। খুব শিগগিরই অনুষ্ঠিত হতে যাওয়া ‘ইমিরা: দ্য ওয়েডিং চ্যাপ্টার’ নিয়ে আমি ভীষণ উচ্ছ্বসিত। আপনাদের সবার সঙ্গে দেখা করতে, একসঙ্গে সময় কাটাতে এবং দারুণ কিছু স্মৃতি তৈরি করতে আর অপেক্ষা করতে পারছি না।’
তিনি আরও জানান, ঢাকার ইউনাইটেড কনভেনশন সেন্টারে অনুষ্ঠিতব্য আয়োজনে দর্শকদের সঙ্গে দেখা হবে। আগামী ২ ও ৩ অক্টোবর সেখানে ‘ইমিরা: দ্য ওয়েডিং চ্যাপ্টার’ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
আয়োজক কর্তৃপক্ষ জানিয়েছে, মূলত একটি এক্সিবিশনের আয়োজন করা হয়েছে। এর সমাপনী পর্বে অংশ নিতেই ব্যক্তিগত অতিথি হিসেবে বাংলাদেশে আসছেন ওহাজ আলী। আয়োজনে অংশ নেওয়া ব্যক্তিদের মধ্য থেকে লাকি ড্রয়ের মাধ্যমে কয়েকজন বিজয়ী নির্বাচিত হবেন। বিজয়ীরা ওহাজ আলীর সঙ্গে সরাসরি দেখা করার সুযোগ পাবেন।
এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ‘১০০ জনকে ১৫ হাজার টাকা করে দিতে হবে’—এমন তথ্য ছড়িয়ে পড়লেও বিষয়টি সম্পর্কে আয়োজকরা অবগত নন বলে জানিয়েছেন। তাদের দাবি, অনুষ্ঠানের মূল আয়োজন এক্সিবিশন ও এর সমাপনী পর্বকে ঘিরেই।
২০১৫ সালে ‘ইশক ইবাদত’ নাটকের মাধ্যমে প্রধান অভিনেতা হিসেবে অভিনয়ে অভিষেক হয় ওহাজ আলীর। এরপর ‘হারি হারি চুড়িয়াঁ’, ‘দিল নওয়াজ’, ‘মাহ-এ-তামাম’, ‘দিল-এ-বেরহাম’, ‘ভরাম’, ‘ফিতুর’ ও ‘ইশক জালেবি’সহ বেশ কয়েকটি নাটকে অভিনয় করেন তিনি।
২০২১ সালে ঐতিহাসিক নাটক ‘জো বিছার গায়ে’-তে বাংলাদেশের মুক্তিযোদ্ধা শাফি ইমাম রুমির চরিত্রেও অভিনয় করেন ওহাজ আলী।
তবে তার ক্যারিয়ারে বড় ধরনের জনপ্রিয়তা এনে দেয় ‘তেরে বিন’ নাটক। ২০২২ সালের ২৮ ডিসেম্বর প্রচার শুরু হওয়া নাটকটির প্রথম সিজন শেষ হয় ২০২৩ সালের ৬ জুলাই। এতে মুরতাসিম খান চরিত্রে অভিনয় করেন ওহাজ আলী। তার বিপরীতে মীরব চরিত্রে ছিলেন ইয়ুমনা জায়েদি।
‘তেরে বিন’-এর মাধ্যমে ওহাজ আলীর জনপ্রিয়তা পাকিস্তানের গণ্ডি ছাড়িয়ে বাংলাদেশ, ভারতসহ দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের দর্শকদের মধ্যেও ছড়িয়ে পড়ে। এবার সেই জনপ্রিয় অভিনেতার বাংলাদেশ সফর ঘিরে ভক্তদের মধ্যেও তৈরি হয়েছে আগ্রহ।
প্রধান সম্পাদক: মোঃ সাব্বির (নিথিম)
সম্পাদক ও প্রকাশক: মোঃ তানজিলুল ইসলাম তামিম
Copyright © 2026 Desh Scope 24. All rights reserved.